হাসপাতাল থেকে ফেরার পথে বাসের ধাক্কায় গেল মা ও সন্তানের প্রাণ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাসের ধাক্কায় চালকসহ অটোরিকশা যাত্রী মা ও ছেলে নিহত হয়েছেন।
অসুস্থ শিশু সন্তানকে নিয়ে হাসপাতালে থেকে বাড়ি ফেরা হলো না নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার এক পোশাক শ্রমিকের। পথে বাসের ধাক্কায় অটোরিকশা যাত্রী মা ও ছেলেসহ তিনজন নিহত হয়েছেন।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহত পোশাক শ্রমিকের আরেক মেয়ে।
শুক্রবার বিকালে উপজেলার কাঁচপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি কাজী ওয়াহিদ মোরশেদ।
নিহতরা হলো- গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার আলী আকবরের মেয়ে পোশাক শ্রমিক কাকলি আক্তার (৩৫) ও তার ছেলে আরিয়ান আহম্মেদ রাফি (৫)। তিনি স্বামী ও দুই সন্তান নিয়ে কাঁচপুর এলাকায় একটি ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।
অপর নিহত অটোরিকশা চালক আনিসুর রহমান (২৩) রংপুরের পীরগাছা উপজেলার আব্দুল ওহাবের ছেলে।
আহত ঐশী সুলতানা সেতু (২৩) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন। তিনি নিহত কাকলির মেয়ে।
ওসি কাজী ওয়াহিদ মোরশেদ বলেন, কাঁচপুর সেতুর ঢালে ঢাকামুখী পথে উল্টো দিক থেকে আসা অটোরিকশাটির সঙ্গে হিমাচল পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা চালক ও তিন আরোহী গুরুতর আহত হন।
তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক চালকসহ তিনজনকে মৃত ঘোষণা করেন।
কাকলির বাবা আলী আকবর বলেন, স্বামী আশরাফুল আলম বছরখানেক আগে চাকরি হারালে একার উপার্জনে পরিবার চালাতেন কাকলি।
কয়েকদিন ধরে রাফি কাশিতে ভুগছিল। তার চিকিৎসা করাতে বাসা থেকে কয়েক কিলোমিটার দূরে একটি বেসরকারি হাসপাতালে গিয়েছিলেন কাকলি। সঙ্গে ছিলেন স্নাতকপড়ুয়া মেয়ে সেতু। সেখান থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় করে ফিরছিলেন তারা।
তিনি বলেন, “এক মুহূর্তে মেয়ে আর নাতিকে হারালাম। নাতনিটাও খুব খারাপ অবস্থায় হাসপাতালে আছে। পরিবারটা একেবারে শেষ হইয়া গেল।”
আকবর বলেন, আহত সেতুর মুখের অংশ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকটি দাঁত পড়ে গেছে। তিনি ঢাকার একটি সরকারি ডেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন।
ওসি ওয়াহিদ মোরশেদ বলেন, দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
