২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে অ্যাম্বুলেন্স চাপায় বৃদ্ধ নিহত

বাড়ির পাশের মসজিদে ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে রাস্তা পার হবার সময় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2024, 12:48 PM

Updated : 26 Aug 2026, 10:34 AM

মাদারীপুরে ফজর নামাজ পড়ে বাড়ি ফেরার পথে অ্যাম্বুলেন্সের চাপায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার ভোরে শহরের থানতলী মারকাজ মসজিদ সংলগ্ন রাস্তা পারাপারের সময় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মাদারীপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মনির হোসেন।

নিহত রজ্জব আলী সরদার (৬৫) পৌর শহরের থানতুলি এলাকার মৃত সোনামদ্দি সরদারের ছেলে।

স্থানীয় ও নিহতের পরিবারের সূত্রে পরিদর্শক মনির জানান, মঙ্গলবার ভোরে রজ্জব আলী সরদার বাড়ির পাশের মারকাজ মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন। নামাজ শেষে বাড়ি ফেরার পথে রাস্তা পার হবার সময় একটি অ্যাম্বুলেন্স তাকে সজোরে ধাক্কা দেয়। 

এতে তিনি রাস্তায় পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়।

পুলিশ কর্মকর্তা মনির বলেন, “ভোরবেলায় দুর্ঘটনাটি হওয়ার কারণে অ্যাম্বুলেন্সটাকে কেউ চিনতে বা আটক করতে পারেনি। তবে আমরা সিসিটিভি ক্যামেরার মাধ্যম অ্যাম্বুলেন্সটি আইডেন্টিফাই করার চেষ্টা করছি।”