২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চরের ৩৯ ভোটকেন্দ্রে ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে থাকবে কোস্ট গার্ড

কমান্ডার ইমতিয়াজ বলেন, “একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে দেশের নাগরিকদের ‘হ্যাঁ’ ভোট প্রদানে উদ্বুদ্ধ করার প্রচার চলমান রেখেছি।”

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2026, 02:18 PM

Updated : 26 Aug 2026, 02:48 PM

ঢাকা জোনের আওতাধীন উপকূলীয় চরাঞ্চলের মধ্যে চাঁদপুরের ২২টিসহ ৩৯ ভোটকেন্দ্র এলাকায় কোস্ট গার্ড ভ্রাম্যমাণ দল ও ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে দায়িত্ব পালন করবে।

কোস্ট গার্ড ঢাকা জোনের জোনাল কমান্ডার মো. ইমতিয়াজ হোসেন বুধবার দুপুরে চাঁদপুর সদর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নে ঈদগাঁ বাজার কোস্ট গার্ডের অস্থায়ী ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। 

তিনি বলেন, ১৮ জানুয়ারি থেকে তারা মাঠে মোতায়েন আছেন। থাকবেন ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। তারা নারায়ণগঞ্জের ১৭টি এবং মতলব উত্তর, সদর ও হাইমচর উপজেলায় ২২টিসহ ৩৯টি ‘ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর’ এলাকার ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবেন। 

কমান্ডার ইমতিয়াজ বলেন, “গণভোটের বিষয়টি আমরা আমাদের দায়িত্বপূর্ণ এলাকার মানুষের কাছে তুলে ধরব। একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে দেশের নাগরিকদের ‘হ্যাঁ’ ভোট প্রদানে উদ্বুদ্ধ করার প্রচার চলমান রেখেছি।”

তিনি বলেন, “নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাধারণ জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং যেকোনো ধরনের সহিংসতা দমনে কোস্ট গার্ড সর্বদা সতর্ক ও প্রস্তুত।”

কোস্ট গার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার শওকত আহমেদ, প্লাটুন কমান্ডার (ইব্রাহিমপুর স্টেশন) লেফটেন্যান্ট কমান্ডার রাফায়েল মনোয়ার উৎসব এ সময় উপস্থিত ছিলেন।

এ দিকে ঈদগাঁ বাজারে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে জনসচেতনতামূলক প্রচার অংশ হিসেবে মাইকিং ও প্রচারপত্র বিতরণ করেন কোস্ট গার্ডের সদস্যরা।