১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘কৃষকের হাটে’ স্বস্তি ফিরবে বাজারে: বাণিজ্যমন্ত্রী

শনিবার সিলেট নগরীর টিলাগড় এলাকায় দেশের প্রথম সরাসরি কৃষকদের বিক্রয় কেন্দ্র ‘কৃষকের হাট’ উদ্বোধন করেন খন্দকার আব্দুল মুক্তাদির।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2026, 01:07 PM

Updated : 26 Aug 2026, 03:23 PM

‘কৃষকের হাটের’ মাধ্যমে চাষিরা সরাসরি ভোক্তার কাছে তার উৎপাদিত পণ্য বিক্রি করতে পারবেন, এতে বাজারে স্বস্তি ফিরবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি বলেছেন, “অনেক সময় উৎপাদক থেকে ভোক্তার কাছে পৌঁছাতে কৃষিপণ্য চার থেকে পাঁচবার হাতবদল হয়, ফলে অযৌক্তিকভাবে দাম বেড়ে যায়। ‘কৃষকের হাট’ এই মধ্যবর্তী স্তর কমিয়ে কৃষক ও ভোক্তা উভয়ের জন্যই একটি ‘উইন-উইন’ পরিস্থিতি তৈরি করবে। কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে বাজারে স্বস্তি আসবে।”

শনিবার সকালে সিলেট নগরীর টিলাগড় এলাকায় দেশের প্রথম সরাসরি কৃষকদের বিক্রয় কেন্দ্র ‘কৃষকের হাট’ উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এ উদ্যোগের মাধ্যমে কৃষক যাতে তার উৎপন্ন পণ্য সপ্তাহে একদিন হলেও সরাসরি ক্রেতাদের কাছে বিক্রি করতে পারেন সে বিষয়ে প্রত্যেক জেলায় জেলা প্রশাসকরা ব্যবস্থা নিবেন বলেও জানান বাণিজ্যমন্ত্রী।

তিনি বলেন, “জেলা ও উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে নির্ধারিত স্থানে সপ্তাহে নির্দিষ্ট দিনে এই হাট বসবে, যেখানে কৃষকরা সরাসরি পণ্য বিক্রি করবেন। এ হাটে প্রশাসনের নজরদারির কারণে কোনো ধরনের চাঁদাবাজি বা অপ্রত্যাশিত খরচের সুযোগ থাকবে না।" 

দেশে সিন্ডিকেটের মাধ্যমে আর বাজার নিয়ন্ত্রিত হবে না উল্লেখ করে তিনি বলেন, “সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রিত হয়, এমন কথাই আমরা বাংলাদেশ থেকে মুছে দিব।" 

মন্ত্রী বলেন, “আমদানিনির্ভর পণ্য স্থিতিশীল রাখতে দেশের পুরো সাপ্লাই চেন এআই মডেলে অন্তর্ভুক্ত করা হবে। এতে বাজার নজরদারি সহজ হবে এবং বাজার পরিস্থিতি স্থিতিশীল থাকবে।” 

দেশে টিসিবির কার্যক্রমের পরিধি বাড়ানো হবে জানিয়ে তিনি বলেন, “সরকার প্রতিবছর টিসিবির কাজের জন্য ৩২-৩৩শ কোটি টাকা ভর্তুকি দেয়, এটা কমানো হবে। তবে টিসিবির কার্যক্রম বাড়ানো হবে।” 

মন্ত্রী আরও জানান, আগামী ২ মে প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে এসে বাসিয়া নদী খনন উদ্বোধন করবেন। 

‘কৃষকের হাট’ নিয়ে সিলেট জেলা প্রশাসন জানায়, বর্তমানে একটি কৃষিপণ্য মাঠ থেকে ভোক্তার কাছে পৌঁছাতে অন্তত চার থেকে পাঁচবার হাতবদল হয়। এতে প্রতিটি স্তরে দাম বাড়লেও তার সুফল কৃষকরা পান না; বরং চাষের খরচ তোলা নিয়ে তাদের চরম ঝুঁকিতে থাকতে হয়। অন্যদিকে, সাধারণ ক্রেতাদের গুনতে হয় চড়া দাম।

‘কৃষকের হাট’ মাঠপর্যায়ের কৃষক এবং শহরের সাধারণ ভোক্তার মধ্যে একটি সরাসরি সেতুবন্ধন তৈরি করবে।

এই ‘কৃষকের হাট’ চালু হলে ন্যায্য মূল্য কৃষক তার শ্রমের সঠিক দাম সরাসরি পাবেন। সাশ্রয়ী দামে বাজারমূল্যের চেয়ে কম দামে সতেজ ও বিষমুক্ত সবজি পাবেন সাধারণ ক্রেতারা। 

উদ্বোধনী অনুষ্ঠানে সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজাউন নবী, সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রোজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক ও ব্যবসায়িক নেতারা উপস্থিত ছিলেন।