Published : 30 Apr 2026, 07:10 PM
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনা নদীর চরাঞ্চল থেকে দেশীয় অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে নাটুয়ারপাড়া ইউনিয়নের রেহাইসুরিবেড় গ্রামের মগবাজারে এ অভিযান চালানো হয় বলে কাজিপুর থানার ওসি শাহ মোহাম্মদ এনায়েতুর রহমান জানান।
গ্রেপ্তার ২৮ বছর বয়সী মাহবুবুর রহমান দিপু উত্তর রেহাইসুরিবেড় গ্রামের বাসিন্দা ও নাটুয়ারপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হকের ছেলে।
ওসি এনায়েতুর রহমান বলেন, “আটক মাহবুবুর রহমান দিপু একটি ওয়ার্কসপের লেদ মেশিনে দেশীয় অস্ত্র পাইপগান তৈরি করছিলেন। গোপন সংবাদে নাটুয়ারপাড়া ফাঁড়ির পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে।
তার কাছ থেকে একটি চাইনিজ কুড়াল এবং পাইপগান তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধারের খবরও জানান তিনি।
ওসি বলেন, এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা করা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মাহবুবুর রহমান দিপুকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।