বিএনপির উপর হামলা: ৬ বছর পর সাবেক জনপ্রতিনিধি ও শিক্ষক গ্রেপ্তার
নির্বাচনি প্রচারে হামলার ছয় বছর পর সোমবার রাতে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন মামলাটি করেন।
ছয় বছর আগে বিএনপির নির্বাচনি প্রচারে হামলার অভিযোগে বগুড়ার ধুনট উপজেলায় আওয়ামী লীগের দুই নেতা ও একজন শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ধুনট সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাসুদ রানা, সাবেক জেলা পরিষদের সদস্য ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক এবং ধুনট সরকারি এনইউ পাইলট হাইস্কুলের শিক্ষক হাসান খসরু খান নুপুর।
মঙ্গলবার সকালে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় উপজেলার নিজেদের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে ধুনট থানার ওসি সাইদুল আলম জানান।
তিনি বলেন, “গ্রেপ্তার আসামিদের দুপুরে আদালতে হস্তান্তর করা হয়েছে।”
মামলার বরাতে পুলিশ জানায়, ২০১৮ সালের ১১ ডিসেম্বর ধুনট বাজারের রাহাত হোটেলের সামনে বিএনপির প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ দলীয় নেতাকর্মীরা সঙ্গে নিয়ে সংসদ নির্বাচনের প্রচার চালাচ্ছিলেন। এ সময় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাবিবর রহমানের নেতৃত্বে তার ছেলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সনিসহ আসামিরা হামলা চালায়। এতে বিএনপির অনেক নেতাকর্মী আহত হয়।
এ ঘটনার ছয় বছর পর সোমবার রাতে বেলকুচি গ্রামের বাসিন্দা ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন বাদী হয়ে একটি মামলা করেন।
মামলায় সাবেক সংসদ সদস্য হাবিবর রহমান, তার ছেলে আসিফ ইকবাল সনি, গ্রেপ্তার তিনজনসহ ৪৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২৫০ জনকে আসামি করা হয়।
