লক্ষ্মীপুরে লঞ্চঘাটে ‘চাঁদা তুলতে গিয়ে’ ছাত্রদল নেতাসহ আটক ৩
আটকরা লঞ্চঘাটের ইজারার কোনও কাগজপত্র দেখাতে পারেননি বলে দাবি কোস্ট গার্ডের।
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বদ্দারহাট লঞ্চঘাট থেকে তিনজনকে আটক করা হয়েছে; যারা ‘চাঁদা’ তুলতে এসেছিল বলে দাবি কোস্ট গার্ডের। আটকদের মধ্যে একজন ছাত্রদল নেতা।
মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের আসলপাড়া থেকে তাদের আটকের পর থানায় হস্তান্তর করা হয় বলে জানান রামগতি উপজেলা কোস্ট গার্ড কন্টিনজেন্ট কমান্ডার সফিকুল ইসলাম।
আটক তৌহিদুল ইসলাম নয়ন রামগতি আ স ম রব সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও চরপোড়াগাছা ইউনিয়নের তাহের বাজার এলাকার আইয়ুব আলী মাঝির ছেলে।
আটক অপর দুইজন হলেন- আলেকজান্ডার ইউনিয়নের আসলপাড়া এলাকার মোছলেহ উদ্দিনের ছেলে আহাদ এবং পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলা উদ্দিনের ছেলে ইকবাল হোসেন।
কোস্ট গার্ডের সফিকুল ইসলাম বলেন, “লঞ্চঘাটে চাঁদাবাজির খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নয়নসহ তিনজনকে আটক করেন কোস্ট গার্ড সদস্যরা। তাদের কাছ থেকে চাঁদার রশিদ বই জব্দ করা হয়েছে।
“তবে তারা লঞ্চঘাটের ইজারার কোনো কাগজপত্র দেখাতে পারেনেনি। পরে তাদেরকে রামগতি থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।”
রামগতি থানার ওসি কবির হোসেন বলেন, মামলা হলে তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।
এ বিষয়ে লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন, “ঘটনাটি শুনেছি। বিস্তারিত জেনে ব্যবস্থা নেওয়া হবে।”
