শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় জনগণ মানবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
বরিশাল জেলা পুলিশ লাইন্সে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় যাই হোক, তা কার্যকর হবে এবং জনগণ সেটি মেনে নেবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার দুপুরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনী ও মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে জেলা পুলিশ লাইন্সে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
এ সময় উপদেষ্টা আগামী সংসদ নির্বাচন নিয়েও কথা বলেন। তিনি বলেন, “জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর করতে প্রশাসন প্রস্তুতি নিচ্ছে। নির্বাচন কেবল আইনশৃঙ্খলা বাহিনী বা প্রশাসনের ওপর নির্ভরশীল নয়। এখানে নির্বাচন কমিশন, রাজনৈতিক দল এবং সবচেয়ে বড় স্টেক হোল্ডার জনগণও আছে। জনগণ যখন নির্বাচনের দিকে ঝুঁকে পড়ে, তখন নির্বাচন ঠেকানো যায় না। এরই মধ্যে পোস্টারিং শুরু হয়েছে। এটিও ইতিবাচক সংকেত।”
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, “খুব ভালো বলব না, আবার খারাপও বলব না। সন্তোষজনক বলা যায়। বিশৃঙ্খলা রোধে আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত।”
বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনালে শ্রমিক-শিক্ষার্থী সংঘর্ষ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এটি দুই পক্ষের মধ্যে ঘটে যাওয়া ঘটনা। তারা নিজেরাই বিষয়টি সমাধানের চেষ্টা করছে। ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। আমি আশা করি, উভয় পক্ষ আলোচনায় বসে সমাধানে পৌঁছাবে।”
এ সময় বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম, বরিশাল মহানগর পুলিশ কমিশনার মো. সফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
