২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাঁস কোলে সংবাদ সম্মেলনে এসে রুমিন বললেন, ‘জার্নিটা কঠিন ছিল’

রুমিন বিএনপি জোট সমর্থিত প্রার্থী জুনায়েদ আল হাবীবকে ৩৮ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2026, 07:24 PM

Updated : 26 Aug 2026, 02:56 PM

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনে বেশ বড় ভোটের ব্যবধানে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোট সমর্থিত প্রার্থী জুনায়েদ আল হাবীবকে ৩৮ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। 

হাঁস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা রুমিন ফারহানা পেয়েছেন এক লাখ ১৮ হাজার ৫৪৭টি ভোট। অপরদিকে খেজুর গাছ প্রতীকে জুনায়েদ আল হাবীব পেয়েছেন ৮০ হাজার ৪৩৪টি ভোট।

বিজয়ের পর শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নিজ বাড়িতে সাংবাদিকদের মুখোমুখি হন রুমিন ফারহানা। সেখানে তিনি প্রতীক হিসেবে হাঁস বেছে নেওয়ার পেছনের কারণ ও তার শৈশবের স্মৃতিচারণ করেন। বিএনপি ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করা তার জন্য কঠিন চ্যালেঞ্জের ছিল বলে জানান এই সংসদ সদস্য।

রুমিন ফারহানা বলেন, “আমার জার্নিটা কঠিন ছিল। কিন্তু তার চেয়েও কঠিন জার্নি ছিল আমার নেতাকর্মীদের। আমি যদি আজকে না জিততাম, আমায় হয়ত আবার ঢাকায় ফিরে যেতে হত। আমি আমার পেশায় ফিরে যেতাম। আমার এতগুলো কর্মী, সবাই বহিষ্কার হয়ে গেছে। এই ১৭টা বছর তারা এত কষ্ট করেছে, এত শ্রম দিয়েছে, তারা ঘরে ঘুমাতে পারে নাই। তারা কেউ কষ্ট রাখে নাই মনে। সবাই খুশি। এই ভালোবাসার ঋণ কীভাবে শোধ করব আমি?”

তিনি অভিযোগ করেন, “নির্বাচনের দিন দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোট ছাপানোর চেষ্টা করা হয়েছে এবং ফলাফল আটকে রাখারও অপচেষ্টা হয়েছে।” 

জালিয়াপাড়া কেন্দ্রের ঘটনা সামনে এনে তিনি বলেন, “জালিয়াপাড়া কেন্দ্রে আমি নিজে গিয়েও খেজুর গাছের কর্মীদের সঙ্গে মারামারি করেছি। মারামারি করে আমি কেন্দ্রে ঢুকেছি। আবার ভোট গুনিয়েছি। কিছু ফলস ভোট পেয়েছি। এগুলো সবই চ্যালেঞ্জ।”

নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি রাখা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি দলীয় প্রার্থী না। আমায় যদি এলাকায় আরেকবার নির্বাচন করতে হয়, কাজ করা ছাড়া আমার হাতে আর কোনো অপশন নাই। আমার নিজেকে টিকে থাকতে হলে কাজ করতেই হবে।”

ভোটের প্রতীক হাঁস কেন বেছে নিলেন- জানতে চাইলে তিনি শৈশবের স্মৃতি তুলে ধরে বলেন, “আমার অনেক হাঁস ছিল, মোরগ ছিল, কবুতর ছিল। আম্মুর বড় চাকরির সুবাদে আমরা বড় বড় বাসায় থাকতাম। এরপর তো আমরা ছোট অ্যাপার্টমেন্টে চলে গেলাম। তখন এই হাঁস-টাঁস পালা হল না... কিন্তু এখানে (ব্রাহ্মণবাড়িয়াতে) আমার হাঁস-মুরগি অনেক কিছু আছে। ওদের সঙ্গেই আমার অবসর সময় কাটে।”

একাদশ জাতীয় সংসদে তিনি বিএনপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য ছিলেন। পাশাপাশি দলটির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘বিদ্রোহী’ হয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপি থেকে বহিষ্কৃত হন রুমিন ফারহানা। তার পক্ষে নির্বাচনি প্রচারে থাকায় সরাইল উপজেলা, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ১০ নেতাকে বহিষ্কার করেছিল বিএনপি।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, বিএনপি তাকে দলে ফেরাতে চাইলে, নেতাকর্মীদেরও ফেরাতে হবে।