২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল বাইক আরোহী ২ যুবকের

ঢাকা থেকে কুমিল্লাগামী যাত্রীবাহী বাস পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দিলে দুই আরোহী ছিটকে সামনের আরেকটি বাসের সঙ্গে ধাক্কা খায় বলে জানায় পুলিশ।

মুন্সীগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল বাইক আরোহী ২ যুবকের
প্রতীকী ছবি

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2025, 09:28 PM

Updated : 26 Aug 2026, 01:19 PM

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার মধ্য বাউশিয়ায় এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন।

নিহতরা হলেন- চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বহরী গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে মেহেদী হাসান (২৯) এবং একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে মোহাম্মদ মুন্না (৩০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৬টার দিকে ঢাকা থেকে কুমিল্লাগামী ‘তিশা প্লাস’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক ও আরোহী ছিটকে সামনের আরেকটি বাসের সঙ্গে ধাক্কা খায়। 

এতে ঘটনাস্থলেই মেহেদী মারা যান। আহত মুন্নাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করে।

স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জানা গেছে, দুর্ঘটনায় আহত একজনকে হাসপাতালে আনা হলে প্রাথমিক পর্যবেক্ষণ শেষে তাকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসক।

এসআই শওকত হোসেন বলেন, দুইজনের লাশ পুলিশ হেফাজতে রয়েছে। ঘটনার পরপর যাত্রীবাহী বাসটিকে আটক করেছে জনতা। তবে চালক ও তার সহকারী পালাতক আছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।