Published : 22 Jul 2026, 05:27 PM
মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজের লিফটে আটকা পড়া মা ও মেয়েকে আধা ঘণ্টার চেষ্টায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
বুধবার দুপুরে ১০ তলা একাডেমিক ভবনের নবম তলায় আটকা পড়েন তারা। পরে দুটি ইউনিট গিয়ে তাদের উদ্ধার করে বলে জানান মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম।
তিনি বলেন, উদ্ধারের পর মা-শিশুকে প্রাথমিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। দুজনেই শারীরিকভাবে সুস্থ আছেন। তবে আটকে থাকার সময় মানসিকভাবে কিছুটা আতঙ্কিত হয়ে পড়েছিলেন।
“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণেই লিফটটি বিকল হয়ে পড়ে।”
শিক্ষার্থীরা বলেন, দশম তলায় ক্লাস শেষ করে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী লামিয়া আক্তার মিম (২৪) তার দুই বছরের শিশুকন্যা মরিয়ম হাসনাইন আরিফাকে নিয়ে লিফটে নিচে আসছিলেন। নবম তলায় সেটি অকেজো হয়ে যায়। তখন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা লিফটের দরজা খোলার চেষ্টা করেন। কিন্তু দরজা না খোলায় তারা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন।
সরকারি হরগঙ্গা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো. কামারুজ্জামান খান বলেন, এমন ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সে ব্যাপারে বৃহস্পতিবার সংশ্লিষ্টদের নিয়ে জরুরি সভা আহ্বান করা হয়েছে।
তিনি বলেন, “শিক্ষার্থীদের নিরাপত্তা আমাদের কাছে সর্বাগ্রে। লিফটের নিয়মিত রক্ষণাবেক্ষণের বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে দেখা হবে।”