লক্ষ্মীপুরে বিদ্যালয়ে ঢুকে যুবকের হামলা, ১৫ শিক্ষক-শিক্ষার্থী আহত
এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে; যাকে মাদকাসক্ত বলে ধারণা করছে পুলিশ।
লক্ষ্মীপুর সদর উপজেলার একটি বিদ্যালয়ে পাঠদানের সময় শ্রেণিকক্ষে ঢুকে হামলা ও ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এতে শিক্ষক-শিক্ষার্থীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
বুধবার সকালে উপজেলার উত্তর মজুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ হামলার ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে বলে জানান লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি মো. আবদুল মোন্নাফ।
হামলার ঘটনায় দুপুরে উত্তর মজুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা আক্তার বাদী হয়ে সদর মডেল থানায় মামলা করেছেন। আটক সুমনকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
গ্রেপ্তার সুমন হোসেন (৩৫) ওই এলাকার গনি মিয়া মেস্তুরি বাড়ির ফয়েজ আহম্মেদের ছেলে।
আহত শিক্ষক ও শিক্ষার্থীরা সদর হাসপাতাল এবং স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।
শিক্ষক ও এলাকাবাসীর ভাষ্য, কয়েক বছর ধরে সুমন নিয়মিত মাদক সেবন করেন। তিনি প্রায় পথে বিভিন্ন শিক্ষার্থীকে উত্ত্যক্ত করেন। কারণে-অকারণে লোকজনকে মারধরও করেন। এবার কোনো কারণ ছাড়াই বিদ্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছে।
প্রধান শিক্ষক হাসিনা আক্তার বলেন, “সুমন নেশাগ্রস্ত অবস্থায় বিদ্যালয়ের বাথরুমে যাওয়ার কথা বলে ভেতরে ঢোকার চেষ্টা করেন। এ সময় শিক্ষার্থীরা বাধা দিলে সুমন ক্ষিপ্ত হয়ে লাইব্রেরিতে গিয়ে গালমন্দ করেন।
“এক পর্যায়ে শিক্ষক শারমিন আক্তার, সেতারা পারভিন এবং শিক্ষার্থী রেদোয়ান হাছান রুপম, মো. ইয়াছিন ও অনুশ্রী রানী দাসসহ অন্তত ১৫ জনকে পিটিয়ে আহত করেন। এ সময় শিক্ষার্থীদের চিৎকারে আশপাশের লোকজন এসে সুমনকে আটক করেন।”
তিনি বলেন, “ঘটনার সময় সুমন বিদ্যালয়ের দরজা ও জানালা ভাঙচুর করেছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। বিষয়টি ইউএনওকে জানিয়েছি।”
ওসি আবদুল মোন্নাফ বলেন, “আটক যুবক মাদকাসক্ত বলে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে এ হামলা ও ভাঙচুর চালানো হয়েছে, তা তদন্ত করা হচ্ছে।”
