‘পথ ভুলে’ ভারতে ঢোকা বিজিবি সদস্যকে ফেরত দিয়েছে বিএসএফ
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার সীমান্তে মহিষ চোরাচালানীকে ধাওয়া করতে গিয়ে ভুল করে ভারতে ঢুকে পড়েন বিজিবি সদস্য।
চোরাচালানীদের তাড়া করে ‘পথ ভুলে’ ভারতের সীমানায় ঢুকে যাওয়া এক বিজিবি সদস্যকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী-বিএসএফ।
শনিবার রাতে পতাকা বৈঠকের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার নারায়ণপুর ইউপির জোহরপুর টেক সীমান্ত দিয়ে তাকে ফেরত দেওয়া হয় বলে জানিয়েছেন বিজিবি রাজশাহী সেক্টর কমান্ডার ইমরান ইবনে আব্দুর রউফ।
তিনি বলেন, শনিবার ভোরে মহিষ চোরাচালানীকে ধাওয়া করতে গিয়ে ভুল করে ভারতে ঢুকে পড়ে এক বিজিবি সদস্য। পরে তিনি ভারতের পিরোজপুর সীমান্তের বিএসএফ ফাঁড়িতে গিয়ে ঘটনাটি জানায়।
“পরে সন্ধ্যায় বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠকে ওই বিজিবি সদস্যকে ফেরত দিয়েছে বিএসএফ। তারা বিজিবি সদস্যকে খাবার পরিবেশনসহ সম্মানজনক আচরণ করেছে। ”
এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান নাজির হোসেন বলেন, শনিবার ভোরে জোহরপুর টেক সীমান্ত ফাঁড়ির বিজিবি টহল দল চোরাচালানীদের ধাওয়া করে। এ সময় পথ ভুলে ভারতের সীমানায় ঢুকে পড়েন মো. মতিউর রহমান নামে এক বিজিবি সদস্য।
সেখানে ঝোপ-জঙ্গলে দীর্ঘ সময় কাটানোর পর বিকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সীমান্ত ফাঁড়িতে যান; ঘটনাটি খুলে বলেন।
বিজিবি রাজশাহী সেক্টর কমান্ডার ইমরান ইবনে আব্দুর রউফ বলেন, সম্প্রতি চাঁপাইনবাগঞ্জের সীমান্তে জনতার হাতে আটক এক বিএসএফ সদস্যকে ফেরত দিয়েছে বিজিবি। বিকালে ওই সীমান্ত পরিদর্শন করেছেন বলেও জানান তিনি।
