২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫ অগাস্ট সাতক্ষীরা কারাগার ভেঙে পালানো ২ বন্দি গ্রেপ্তার, এখনও অধরা ৩৯

সাতক্ষীরা জেলা কারাগারের ফটক ভেঙে পালিয়ে গিয়েছিলেন ৮৭ বন্দি।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2026, 05:25 PM

Updated : 19 Sep 2026, 02:26 PM

২০২৪ সালের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সন্ধ্যায় সাতক্ষীরা জেলা কারাগারের ফটক ভেঙে পালিয়ে গিয়েছিলেন ৮৭ বন্দি।

দুই বছর পর মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে আরও দুই পলাতক সাজাপ্রাপ্ত বন্দিকে গ্রেপ্তার করা হয়েছে বলে শ্যামনগর থানার ওসি সাফিউল ইসলাম পাটোয়ারী জানান। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের শ্রীফলকাটি গ্রামের মোজাম গাজী (৪৯) এবং আটুলিয়া ইউনিয়নের নওয়াবেকি গ্রামের রফিকুল ইসলাম গাজী (৩৮)।

পুলিশ জানায়, তারা এলাকাতেই আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

মামলার তথ্য অনুযায়ী, চেক ডিজঅনারের একটি মামলায় মোজাম গাজীর এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ছয় লাখ টাকা জরিমানা হয়েছিল। কারাগার থেকে পালানোর পর তার বিরুদ্ধে ২০২৪ সালের ২৪ নভেম্বর সাজা পরোয়ানা জারি হয়। 

একই ধরনের মামলায় রফিকুল ইসলাম গাজীর ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৯ লাখ ৮০ হাজার টাকা জরিমানা হয়।

কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ অগাস্ট সাতক্ষীরা জেলা কারাগারে ৫৯৬ বন্দি ছিলেন। ওই সন্ধ্যায় হামলা ও ভাঙচুরের সময় ফটকসহ বিভিন্ন বন্দিশালার দরজা ভেঙে দিলে বিপুলসংখ্যক বন্দি বেরিয়ে যান। পরে অনেকে রাতেই এবং পর দিন কারাগারে ফিরে আসেন। 

কিন্তু ১৫ অগাস্ট পর্যন্ত ফিরে না আসা ৮৭ জনের বিরুদ্ধে কারাগার ভাঙচুর ও লুটপাটের অভিযোগে মামলা করা হয়।

সাতক্ষীরা জেলা কারাগারের জেলার মনির হোসেন জানান, ওই ৮৭ জনের মধ্যে বিভিন্ন সময়ে ৪৬ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে কারাগারে ফিরেছেন। বর্তমানে ৩৯ জন পলাতক। তাদের নামের তালিকা স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দেওয়া হয়েছে।

এই তালিকায় রয়েছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি- সাতক্ষীরা সদরের সাহেব আলী ও ভাড়ুখালীর শাহাদাৎ হোসেন। 

হত্যা মামলার আসামি হিসেবে বন্দি ছিলেন তালার আসমা বেগম ও আমিরুল ইসলাম, কলারোয়ার আবদুল আলিম এবং শ্যামনগরের শফিকুল ইসলাম। বাকিরা মাদক, নারী ও শিশু নির্যাতন, মারপিটসহ বিভিন্ন মামলায় কারাগারে ছিলেন।

জেলা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম বলেন, ৩৯ পলাতকের অবস্থান শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে। তারা কোথায় অবস্থান করছেন এবং কারও সহযোগিতায় আত্মগোপনে আছেন কিনা, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। আইনের হাত থেকে পলাতক বন্দিদের পার পাওয়ার সুযোগ নেই।

পলাতকদের দীর্ঘদিন ধরেও গ্রেপ্তার না হওয়াকে শুধু আইনশৃঙ্খলার বিষয় হিসেবে দেখছেন না মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের জেলা কমিটির সদস্যসচিব মুনির উদ্দিন। তিনি বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও গুরুতর অপরাধের মামলার আসামিরা দীর্ঘদিন বাইরে থাকায় নতুন করে অপরাধ বা অশান্তি তৈরির আশঙ্কা থাকে। একই সঙ্গে তাদের সংশ্লিষ্ট মামলার বিচারপ্রার্থীদের ন্যায়বিচার পাওয়া নিয়েও উদ্বেগ তৈরি হয়।