Published : 17 Aug 2026, 07:54 PM
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় দুই হাত ছেড়ে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন।
সোমবার বেলা ১১টার দিকে উপজেলার পিয়ারাপুর কারেন্টের মোড় এলাকায় গোবিন্দগঞ্জ-রাজা বিরাট সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান গোবিন্দগঞ্জ থানার ওসি মোহাম্মদ মোজাম্মেল হক।
নিহত শাওন মণ্ডল (৩০) বগুড়ার মোকামতলা উপজেলার গাড়িদহ সরদারপাড়া গ্রামের শিবলু মণ্ডলের ছেলে।
পুলিশ জানায়, শাওন মোটরসাইকেলে রাজা বিরাট থেকে গোবিন্দগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে তিনি দুই হাত ছেড়ে মোটরসাইকেল চালাচ্ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
একপর্যায়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই শাওন মারা যান।
ওসি মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শাওনের লাশ উদ্ধার করে। পরে তা স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।