বাগেরহাটে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
“ঢাকা থেকে বাগেরহাটগামী একটি বাস মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দেয়।”
বাগেরহাটের সদর উপজেলায় বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার মেগনীতলা এলাকার খুলনা-বাগেরহাট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে সদর মডেল থানার এসআই দিপু মণ্ডল জানান।
নিহত ৪৫ বছর বয়সী শামীম তালুকদার বাগেরহাটের শরণখোলা উপজেলার কদমতলা গ্রামের মতিউর রহমান তালুকদারের ছেলে।
তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের বরাতে এসআই দিপু বলেন, “ঢাকা থেকে বাগেরহাটগামী একটি বাস মোটরসাইকেল আরোহী শামীম তালুকদারকে ধাক্কা দেয়।
“পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শামীমমের মৃত্যু হয়।”
পুলিশ বাসটি আটক করতে পারলেও চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।
