Published : 23 Feb 2026, 11:30 PM
গাজীপুর নগরের টঙ্গীতে ফাঁকা গুলি ও হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে দুটি দোকান থেকে ১০ লাখ টাকা লুটের অভিযোগে করা মামলায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনার পরদিন সোমবার বিকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানান টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান।
রোববার বিকালে টঙ্গীর পাগাড় এলাকার ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী লিটন মিয়া বাদী হয়ে আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করে মামলা করেন। পরে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- স্থানীয় বাসিন্দা রবিউল ইসলাম (৩৬), শাফি মিয়া (৩২) এবং নয়ন ইসলাম রাজ (৩৩)।
ওসি মেহেদী হাসান বলেন, রবিউল ও বাদীপক্ষের আব্দুল মালেকের মধ্যে পূর্ব শত্রুতার জেরে হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
তিনি বলেন, এ ছাড়া ঘটনার দিন হামলা শাহাদাত হোসেন ও ফিরোজ মিয়াসহ কয়েকজন আহত হন। আহতদের টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে গুরুতর দুইজনকে ঢাকায় চিকিৎসা দেওয়া হচ্ছে।
তবে স্থানীয়দের দাবি, ফেইসবুকে আপত্তিকর পোস্ট দেওয়াকে কেন্দ্র করে পাগাড় ঝিনু মার্কেট এলাকায় কয়েকটি দোকানে ভাঙচুর ও লুটপাট চালায় সংঘবদ্ধ একটি চক্র। এ সময় আতঙ্ক ছড়াতে হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এক পর্যায়ে ফাঁকা গুলি ছোড়ার ঘটনাও ঘটে।