২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ‘কালোবাজারে বিক্রির’ সময় টিসিবির ৩৯ বস্তা চাল-ডাল জব্দ

এ ঘটনায় টিসিবির এক ডিলারের গুদামঘর সিলগালা করে দিয়েছে উপজেলা প্রশাসন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2024, 12:05 AM

Updated : 10 Sep 2026, 12:25 PM

গাজীপুর সদর উপজেলায় ‘কালোবাজারে বিক্রি’ করতে নিয়ে যাওয়ার সময় টিসিবির ৩৯ বস্তা চাল-ডালসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে পুলিশ।  এ ঘটনায় টিসিবির এক ডিলারসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার বাড়িয়া ইউনিয়নের কুমুন বাজারের পাশের এলাকা থেকে মালামালগুলো উদ্ধার করা হয় বলে জানান জয়দেবপুর থানার ওসি আব্দুল হালিম। 

এ ঘটনার পর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তারা বাজারে পাশে বাড়িয়া ইউনিয়নের টিসিবির ডিলার মঞ্জুরুল আলমের গুদামঘর সিলগালা করে দিয়েছেন।

জয়দেবপুর থানা সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হারুনুর রশিদ জানান, গোপন খবর পেয়ে ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ইউপি কার্যালয়ের পাশে হুমায়ুনের ভাঙ্গারি দোকান থেকে টিসিবির ৩৬টি খালি বস্তা ও প্লাস্টিকের ২৪টি বস্তা ভর্তি চাল (ওই খালি বস্তার চাল) পাওয়া যায়।

এ ছাড়া পাশের ডেকোরেটরের দোকান থেকে সাত বস্তা চাল এবং একটি অটোরিকশায় করে বিক্রি করতে নিয়ে যাওয়ার সময় আরও সাত বস্তা চাল, এক বস্তা ডাল জব্দ করা হয় বলে জানান তিনি।

তিনি বলেন, এ ঘটনায় বাড়িয়া ইউনিয়ন পরিষদের এক সদস্য, স্থানীয় ব্যবসায়ী ও ডিলার সম্পৃক্ত বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। জব্দ করা পণ্য পুলিশ হেফাজতে রয়েছে।

বাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান জানান, তার ইউনিয়নে টিসিবির পণ্যের তিন হাজার ২০৫ জন কার্ড হোল্ডার আছেন। অনেকে টিসিবির চাল বা পণ্য তুলে বাজারে নিয়ে বিক্রি করেন এমন অভিযোগও আছে।

তবে কার্ড হোল্ডারদের মধ্যে কেউ পণ্য পায়নি এমন অভিযোগ কেউ করেনি বলে জানান তিনি।

এ ঘটনার পর ইউএনও অফিসের কর্মকর্তারা ওই এলাকায় গিয়ে টিসিবির ডিলার মঞ্জুরুল আলমের গুদামে রাখা অবশিষ্ট পণ্য পরীক্ষা-নিরীক্ষা করে কক্ষটিতে তালা ঝুলিয়ে সিলগালা করে দেন বলে জানিয়েছে পুলিশ।