১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

‘উইচ্যাটে’ পরিচয় থেকে প্রেম, টাঙ্গাইলে এসে বিয়ে পিঁড়িতে চীনা যুবক

স্ত্রীকে নিজ দেশে নিয়ে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন চীনা এ যুবক।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2026, 08:57 PM

Updated : 26 Aug 2026, 03:05 PM

সামাজিক যোগাযোগমাধ্যম ‘উইচ্যাটে’ পরিচয় থেকে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার এক তরুণীর সঙ্গে প্রেম হয় চীনা এক যুবকের। এরপর ভালোবাসার টানে চীন থেকে বাংলাদেশে এসে বিয়ের পিঁড়িতে বসেন তিনি।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। খবর পেয়ে দূরদূরান্ত থেকে লোকজন ছুটে আসছে তাদের দেখার জন্য। পাসপোর্ট, ভিসা ও অন্যান্য কার্যক্রম শেষে স্ত্রীকে নিজ দেশে নিয়ে যাওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছেন চীনা এ যুবক।

গত ২৭ ফেব্রুয়ারি উপজেলায় লোকেরপাড়া ইউনিয়নের পাঁচটিকরি গ্রামের আব্দুল মালেকের মেয়ে মায়া আক্তারের (১৯) সঙ্গে চীনা নাগরিক জংজিয়াং মামুসার বিয়ে হয়। মুসলিম রীতি অনুযায়ী তাদের বিয়ে সম্পন্ন হয় বলে জানিয়েছেন স্বজনরা।

এর আগে ১৮ ফেব্রুয়ারি রাতে ওই তরুণীর বাড়িতে ছুটে আসেন ৩০ বছর বয়সি মামুসা। তিনি চীনের গানসু প্রদেশের সানজিয়া টাউনশিপ গ্রামের বাসিন্দা। 

স্বজনরা জানান, এক মাস আগে ‘উইচ্যাটের’ মাধ্যমে মায়ার সঙ্গে পরিচয় হয় মামুসার। কিছুদিন না যেতেই তাদের মধ্যে প্রেম হয়। এর মধ্যে মায়ার বিয়ের কথাবার্তা চলতে থাকে। বিষয়টি জানতে পেরে ১৮ ফেব্রুয়ারি ভালোবাসার টানে বাংলাদেশে চলে আসেন মামুসা।

এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে কৌতূহল তৈরি হয়। বিদেশি নাগরিককে দেখতে আশপাশের মানুষজন মালেকের বাড়িতে ভিড় করেন। এরপর কাজী ডেকে মুসলিম রীতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়। 

বিয়ের পর থেকে মামুসা স্ত্রী মায়াকে নিয়ে গ্রামের মেঠোপথ ও রাস্তাঘাট দিয়ে হাত ধরে ঘুরে বেড়াচ্ছে। খাচ্ছেন মাছ, মাংস, সবজিসহ সবধরনের দেশি খাবার। পাসপোর্ট, ভিসা ও অন্যান্য কার্যক্রম শেষে স্ত্রীকে চীন নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে মামুসার। স্বামীর সঙ্গে চীনে যেতে ইচ্ছুক মায়াও।

লোকেরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শহীদুল হক মিলন বলেন, বিদেশি নাগরিক বিয়ে করতে আসায় এলাকায় বেশ সাড়া পড়েছে। তবে আইনি প্রক্রিয়া অনুসরণ করেই বিয়ে সম্পন্ন হয়েছে।