২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াত তো দেশটাকে বিশ্বাস করে না: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও-১ আসনের বড়গাঁও আলিম মাদরাসা এলাকায় নির্বাচনি সভায় তিনি এসব কথা বলেন।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2026, 05:33 PM

Updated : 26 Aug 2026, 02:52 PM

স্বাধীন বাংলাদেশে জামায়াতে ইসলামকে সমর্থন করা যায় না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষের এই প্রার্থী বলেছেন, “এই দেশের স্বাধীনতায় যে বিশ্বাস করে না সে আমার দেশের উন্নতি করবে কেমন করে? তারা তো এই দেশটাকেই বিশ্বাস করে না। আমরা সেজন্যে পরিষ্কার করে বলতে চাই, আমরা জামায়াতে ইসলামীকে এজন্যে ভোট দেব না। জামায়াতে ইসলামী বিশ্বাসযোগ্য নয়, কারণ তারা আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করতে পারবে কি পারবে না।”

বৃহস্পতিবার বিকালে ঠাকুরগাঁও-১ আসনের বড়গাঁও আলিম মাদরাসা এলাকায় নির্বাচনি সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় মির্জা ফখরুল উপস্থিত জনতার উদ্দেশে বলেন, “স্বাধীন বাংলাদেশে আমরা কি জামায়াতে ইসলামীকে সমর্থন করতে পারি? আমি আপনাদের কাছে পরিষ্কার জানতে চাই- পারি?”

উপস্থিত জনতা তখন ‘না না’ বললে, তিনি বলেন, “পারি না ভাই। এটা হচ্ছে নৈতিকতার প্রশ্ন। আমার দেশ বাংলাদেশ, আমি স্বাধীন দেশে বিশ্বাস করি।”

তিনি বলেন, “জামায়াতকে আগে দেখছেন আপনারা? আমরা দেখছি। আমরা স্বাধীনতার আগেও জামায়াতকে দেখছি, তার আগে আমাদের বাবা-চাচারা দেখছে। আমার আব্বা মির্জা রুহুল আমিন চোখা মিয়া প্রায় সময় বলতেন- জামায়াত থেকে সাবধানে থাইকো। আমি বলতাম কেন? তিনি বলতেন, জামায়াত একটা মুনাফেক দল। কথা বলে এক রকম, কাজ করে আরেক রকম। 

“জামায়াত পাকিস্তান আন্দোলনে সমর্থন করে নাই। এটা সত্য কথা, ইতিহাসের কথা। আবার ১৯৭১ সালে আমরা যখন স্বাধীনতার যুদ্ধ শুরু করলাম তখন তারা বিরোধিতা করল, আমার স্বাধীনতার বিরোধিতা করল। বলল, পাকিস্তান ভাঙ্গার কোনো দরকার নাই।”

বিএনপি নেতা বলেন, “পাকিস্তান কি আমরা ভাঙছি স্বাদে? পাকিস্তানিরা যখন আমাদের ওপর অত্যাচার শুরু করছে, আমাদের গুলি করে মারতে শুরু করছে- তখনি না আমরা যুদ্ধ করে পাকিস্তান ভাঙ্গছি। পাকিস্তানি সেনাবাহিনী আমার দেশের লোককে গুলি করে হত্যা করছে, ৩০ লাখ মানুষকে হত্যা করছে। ২ লাখ মা-বোনের সম্ভ্রম নষ্ট করছে। সেসময় জামায়াত পাকিস্তান বাহিনীকে সমর্থন করছে।” 

মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত সবার কাছে ধানের শীষ প্রতীকে ভোট চান। নির্বাচিত হলে সারের সংকট দূর করবেন বলে প্রতিশ্রুতি দেন।