২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় রাস্তার পাশে মালিকবিহীন বাইক, ‘সন্দেহ’

কালীগঞ্জ কলেজের সামনে দাঁড় করিয়ে রাখা নতুন মডেলের সুজুকি জিক্সার মোটরসাইকেলটি পুলিশ জব্দ করেছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2026, 05:38 PM

Updated : 26 Aug 2026, 03:07 PM

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় ব্যস্ত সড়কের পাশে পড়ে থাকা মালিকবিহীন একটি মোটরসাইকেল নিয়ে স্থানীয়দের মধ্যে ‘সন্দেহ’ তৈরি হয়েছে।   

উপজেলার কালীগঞ্জ-শ্যামনগর সড়কের পাশে কলেজের সামনে দাঁড় করিয়ে রাখা নতুন মডেলের সুজুকি জিক্সার মোটরসাইকেলটি সোমবার রাতে পুলিশ এসে জব্দ করে থানায় নিয়ে গেছে। মোটরসাইকেলটির নিবন্ধন নম্বর সাতক্ষীরা-ল ১৩-৮৩১০।

স্থানীয় সমাজকর্মী ও উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু বলেন, প্রথমে মোটরসাইকেলটি দেখেন ব্যবসায়ী আব্দুর রহমান। তিনি কালীগঞ্জ কলেজ সংলগ্ন এলাকায় একটি কলার দোকান চালান। রোববার রাতে দোকান বন্ধ করার সময় তিনি রাস্তার পাশে নতুন মডেলের মোটরসাইকেলটি দেখেন। প্রথমে বিষয়টি খুব একটা গুরুত্ব না দিলেও আশপাশে কাউকে না দেখে বিষয়টি তার নজরে আসে। পরে তিনি দোকান বন্ধ করে বাড়ি চলে যান। 

রাত গড়িয়ে গেলেও মোটরসাইকেলটির মালিক বা কোনো ব্যক্তি সেখানে আসেননি। সারারাত একই জায়গায় মোটরসাইকেলটি পড়ে ছিল। পরদিন সকালে আব্দুর রহমানের মনে সন্দেহ জাগে। তখন বিষয়টি তিনি স্থানীয় কুশুলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য খায়রুল ইসলামকে অবহিত করেন।

ব্যবসায়ী আব্দুর রহমান বলেন, “প্রথমে ভেবেছিলাম কেউ হয়ত রেখে গেছে। পরদিনও সেটি পড়ে থাকতে দেখে সন্দেহ হয়। তখনই বিষয়টি স্থানীয় ইউপি সদস্যকে জানাই।”

কুশুলিয়া ইউপি সদস্য খায়রুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর তিনি ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলটি দেখেন। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও থানা পুলিশকে অবহিত করেন। পরে সবার সম্মতিতে সোমবার রাত সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলটি কালীগঞ্জ থানার এসআই নাজমুল হোসেনের কাছে হস্তান্তর করা হয়। 

কালীগঞ্জ থানার এসআই নাজমুল হোসেন বলেন, মোটরসাইকেলটি থানায় জমা দেওয়া হয়েছে। নিবন্ধন নম্বর ধরে প্রকৃত মালিককে শনাক্ত করার চেষ্টা চলছে। কেন এবং কী কারণে মোটরসাইকেলটি রাস্তার পাশে ফেলে রাখা হয়েছিল সেটিও তদন্ত করে দেখা হবে।