নোয়াখালীতে ডিবি পরিচয়ে ব্যাংক এজেন্টকে তুলে নিয়ে ১২ লাখ টাকা ছিনতাই
ছিনতাইকারীরা ব্যাংক এজেন্টকে ইয়াবা কারবারি বলে গাড়িতে তুলে নেন। পরে পিস্তল ঠেকিয়ে তার হাতে হাতকড়া পরানো হয়।
নোয়াখালীর কোম্পানীগঞ্জে গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্য পরিচয়ে এক ব্যাংক এজেন্টকে গাড়িতে তুলে নিয়ে ১২ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠেছে।
সোমবার দুপুরে বসুরহাট-হাজারীহাট সড়কের বিদ্যুৎ কার্যালয় এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান কোম্পানীগঞ্জ থানার ওসি নুরুল হাকিম।
অভিযোগকারী আবদুর রহমান ইসলামী ব্যাংকের আবু মদিনা আউটলেট এজেন্ট শাখার ব্যবস্থাপক ও এজেন্ট ব্যবসায়ী। তিনি চরহাজারী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারিও।
আবদুর রহমান বলেন, দুপুরে বসুরহাট শাখা থেকে ১২ লাখ টাকা তুলে মোটরসাইকেলে করে আবু মাঝির হাটে যাচ্ছিলেন তিনি। পথে চরহাজারী ইউনিয়নের এম মজিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে একটি প্রাইভেট কার তার পথরোধ করে।
তিনি বলেন, গাড়ি থেকে কয়েকজন ব্যক্তি অস্ত্র হাতে নেমে নিজেদের ডিবি সদস্য পরিচয় দেন। তারা তাকে ইয়াবা কারবারি বলে গাড়িতে তুলে নেন। পরে পিস্তল ঠেকিয়ে তার হাতে হাতকড়া পরানো হয়।
আবদুর রহমানের ভাষ্য, গাড়ির ভেতরে তার চোখ-মুখ গামছা দিয়ে বেঁধে মারধর করা হয়। পরে অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছে থাকা ১২ লাখ টাকা নিয়ে নেন তারা।
টাকা নেওয়ার পর তাকে সেনবাগ উপজেলার নবীপুর এলাকায় নামিয়ে দিয়ে ওই ব্যক্তিরা প্রাইভেট কার নিয়ে চলে যান বলে অভিযোগ করেন আবদুর রহমান।
কোম্পানীগঞ্জ থানার ওসি নুরুল হাকিম বলেন, এ ঘটনায় মৌখিক অভিযোগ পাওয়ার পর ডিবি পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
