২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে ওয়ার্কশপের আড়ালে অস্ত্র তৈরি, মালিক গ্রেপ্তার

রাঙামাটির কাপ্তাই উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

লক্ষ্মীপুরে ওয়ার্কশপের আড়ালে অস্ত্র তৈরি, মালিক গ্রেপ্তার
গ্রেপ্তার নুর উদ্দিন জিকু নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নে জগদীশপুর গ্রামের বাসিন্দা।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2025, 08:07 PM

Updated : 26 Aug 2026, 05:17 PM

লক্ষ্মীপুর সদর উপজেলায় ওয়ার্কশপ ব্যবসার আড়ালে আগ্নেয়াস্ত্র তৈরির ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে; যিনি ওয়ার্কশপটির মালিক বলে দাবি গোয়েন্দা পুলিশের।

মঙ্গলবার সন্ধ্যায় রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের গহীন অঞ্চল থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।

গ্রেপ্তার নুর উদ্দিন জিকু (৪৫) নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নে জগদীশপুর গ্রামের আব্দুল গোফরানের ছেলে। তিনে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারের ‘নোহা অটো ট্রেডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের’ মালিক।

অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী বলেন, গত ১ ডিসেম্বর দুপুরে নুর উদ্দিনের ওয়ার্কশপ থেকে একটি দেশি অস্ত্র ও বিপুল অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। ওয়ার্কশপের আড়ালে তিনি সেখানে অস্ত্র তৈরি করতেন। ওই দিন তার বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় মামলা করা হয়। মামলার পর থেকে তিনি পালাতক ছিলেন। 

এর মধ্যে রোববার সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নোয়াখালীর জগদীশপুর গ্রামের নুর উদ্দিনের বাড়ির কবরস্থান থেকে পাঁচটি দেশি এক নলা বন্দুক ও একটি এলজি উদ্ধার করা হয়। অস্ত্রগুলো তার ওয়ার্কশপে তৈরি করা হয়। 

গোপন খবর পেয়ে লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি সাহাদাত হোসেন টিটোর নেতৃত্বে চন্দ্রঘোনা থেকে নুর উদ্দিনকে গ্রেপ্তার করা হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী।

বুধবার নুর উদ্দিনকে আদালতে তোলা হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

কবরস্থানে কাগজে মোড়ানো প্যাকেটে মিলল ৬ আগ্নেয়াস্ত্র