২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘গণহত্যায় সহযোগিতার’ অভিযোগে ফেনীর ডিসিকে অপসারণের দাবি

মানববন্ধন ও মিছিল শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2024, 09:03 PM

Updated : 26 Aug 2026, 10:52 AM

ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ‘গণহত্যায় সহযোগিতার’ অভিযোগে ফেনী জেলা প্রশাসক মুসাম্মৎ শাহীনা আক্তারকে অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরের ট্রাংক রোডে এ কর্মসূচির আয়োজন করেন বিপ্লবী ছাত্রসমাজ নামে একটি সংগঠন।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় তারা ‘আওয়ামী লীগের দোসর, জেলা প্রশাসক শাহীনা আক্তারের বিচার চাই’, লেখা প্লেকার্ড ও স্লোগান দেন।

ফেনী সরকারি কলেজের শিক্ষার্থী নাঈম ফরায়েজির সঞ্চালনায় মানববন্ধনে শিক্ষার্থী আনু জাফর, সৌরভ হোসেন শাকিল, নাইমুল ইসলাম, ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের রফিকুল ইসলাম রাতুল, আইসিএসটির সালে উদ্দিন শাওন এবং ফেরকান উদ্দিন সিয়াম বক্তব্য দেন।

নাঈম ফরায়জী বলেন, “আন্দোলনে সময় ৪ অগাস্ট দুজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে শহরের মহিপালে ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিলে গুলিবর্ষণ করা হয়। তাতে নয়জন শহীদ হন। 

“ডিসি শাহীনার নির্দেশ না পাওয়ায় সেই সময় ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যরা কোনো সহায়তা করেনি। এ ঘটনায় জড়িতদের এখন পর্যন্ত বিচারের আওতায় আনা হয়নি। এমনকি জেলা প্রশাসন থেকে হতাহতদের পরিবারকেও সহায়তা করা হচ্ছে না।”

ডিসি শাহীনা আক্তার ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর আস্থাভাজন ব্যক্তি বলে দাবি করেছেন আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী আনু জাফর।

তিনি বলেন, “তাকে অপসারণ না করা হলে ফেনীর কোনো উন্নয়ন হবে না।”

আন্দোলনকারীরা ডিসি শাহীনা আক্তারকে ‘গণহত্যার’ প্রধান সহযোগী, ভয়াবহ বন্যার নীরব দর্শক এবং দুর্নীতিগ্রস্ত উল্লেখ করে তার অপসারণ ও বিচার দাবি করেছেন।

২০২৩ সালের ৬ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব মুছাম্মৎ শাহীনা আক্তারকে ফেনী জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়। তিনি ফেনীর প্রথম নারী জেলা প্রশাসক।