লালমনিরহাটে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতাসহ ৩ জনের যাবজ্জীবন
২০১৫ সালের ২৮ জুন আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে শ্রমিক লীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়।
লালমনিরহাট সদরে এক শ্রমিক লীগ নেতা হত্যা মামলায় আওয়ামী লীগ নেতাসহ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এ ছাড়া মামলা থেকে খালাস পেয়েছেন তিনজন।
বুধবার বিকালে লালমনিরহাট জেলা ও দায়রা জজ মো. আদিব আলী আসামিদের অনুপস্থিতিতে এ আদেশ দেন বলে জানান আদালতের পরিদর্শক আব্দুর রাজ্জাক।
দণ্ড পাওয়ারা হলেন- সদর উপজেলার হারাটি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আমিনুল ইসলাম খাঁন, একই এলাকার বিপুল খান এবং মজিদুল খান।
আদালতের পরিদর্শক আব্দুর রাজ্জাক জানান, ২০১৫ সালের ২৮ জুন সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নে টেন্ডার দাখিলকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে মহেন্দ্রনগর ইউনিয়নের ট্রাক ও ট্যাংক লরি শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বুলেটকে কুপিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় ১১ জনকে আসামি করে বুলেটের বাবা এনামুল হক মাস্টার সদর থানায় একটি হত্যা মামলা করেন বলে জানান তিনি।
সাক্ষ্যগ্রহণ শেষে তিন আসামিকে যাবজ্জীবনের পাশাপাশি ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়; যা অনাদায়ে তাদের আরও দুই বছর কারাবাসে থাকতে হবে বলে জানান পুলিশ পরিদর্শক আব্দুর রাজ্জাক।
তিনি বলেন, রায় ঘোষণার সময় কারাগারে থাকা খালাস পাওয়া তিনজন আসামি আদালতে উপস্থিত ছিলেন। আর যাবজ্জীবন দণ্ড পাওয়ারা পলাতক রয়েছেন।
দণ্ড পাওয়া আমিনুল ইসলামের বিরুদ্ধে হত্যাসহ ১৭টি মামলা বিচারাধীন আছে বলে জানান আদালত পুলিশের পরিদর্শক।
আলোচিত এই হত্যা মামলার বাদী এনামুল হক রায়ে সন্তোষ প্রকাশ করলেও বুলেটের স্বজনরা ক্ষোভ করেছেন।
