২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

২০১৬ সালের ৩১ অগাস্ট শিশুটিকে তুলে নিয়ে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ করা হয় বলে জানান পিপি।

ময়মনসিংহে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন
ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালত।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2026, 03:40 PM

Updated : 26 Aug 2026, 03:30 PM

ময়মনসিংহ নগরে আট বছরের এক শিশুকে ধর্ষণ মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। 

বুধবার দুপুরে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সুদীপ্তা সরকার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান আদালতের পরিদর্শক মোস্তাছিনুর রহমান।

যাবজ্জীবন দণ্ড পাওয়া কবির হোসেন রুবেল মিয়া (৩৫) মহানগরীর আকুয়া চৌরঙ্গী মোড় এলাকার বাসিন্দা।

মামলার বরাতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) মজিবুর রহমান বলেন, ২০১৬ সালের ৩১ অগাস্ট সন্ধ্যার পর শিশুটি নিজ বাড়ি ফিরছিল। এ সময় রুবেল পেছন থেকে শিশুটির মুখ চেপে ধরে চাকু দেখিয়ে তুলে নিয়ে যান। 

“পরে শিশুটিকে নগরীর একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করা হয়। সেইসঙ্গে ঘটনাটি কাউকে বললে হত্যার হুমকি দেন রুবেল। পরে শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরলে পরিবারের জিজ্ঞাসাবাদে ঘটনার বিস্তারিত জানায়”, বলেন তিনি।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। পরে মামলাটি শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল পাঠানো হয়।

সাক্ষ্য গ্রহণ শেষে আসামিকে যাবজ্জীবনের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে তাকে আরও ছয় মাস বিনাশ্রম কারাবাসে থাকতে হবে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী মজিবুর রহমান।

ময়মনসিংহে এই প্রথম শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে কোনো আসামির যাবজ্জীবন সাজা প্রদান করা হলো বলে জানান পিপি।