ঢাকা-বরিশাল মহাসড়কে নিষিদ্ধ ‘ছাত্রলীগের’ মশালমিছিল
“কেউ যেন অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে সেজন্য পুলিশ সার্বক্ষণিক নজরদারি জারি রেখেছে।”
মাদারীপুরে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ ও ঝটিকা মশালমিছিল করেছে বলে স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা বলছে, রোববার রাতে সদর উপজেলার মস্তফাপুর এলাকার ঢাকা-বরিশাল মহাসড়কে মুখে মাস্ক পরে মিছিল বের করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলে অংশগ্রহণকারীদের হাতে ২০ থেকে ২২টি মশাল ছিল। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ছত্রভঙ্গ হয়ে যায় তারা।
স্থানীয়রা বলছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ ও মশাল মিছিলের আয়োজন করে।
তারা ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুর এলাকা থেকে একটি ব্যানার হাতে নিয়ে মিছিল বের করে এবং বিভিন্ন স্লোগান দিতে দিতে মস্তফাপুর বাসস্ট্যান্ডের দিকে এগোতে শুরু করে।
মাদারীপুর সদর মডেল থানার ওসি আদিল হোসেন বলেন, “মহাসড়কের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়া মহাসড়কের বিভিন্ন অংশে পুলিশ ও বিজিবি টহল দিচ্ছে।
“কেউ যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে সে জন্য পুলিশ সার্বক্ষণিক নজরদারি জারি রেখেছে।”
তিনি বলেন, “এর ফাঁকে মহাসড়কে সন্ত্রাসী একটি গোষ্ঠী মশাল মিছিল বের করেছে বলে শুনেছি। মিছিল বের করার কয়েক মিনিটের মধ্যে পুলিশ চলে আসায়, তারা দ্রুত মোটরসাইকেলে করে পালিয়ে যায়। তাদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রেখেছে।”
