বিয়ের পরদিন মেয়ের শ্বশুরবাড়ি যাওয়ার পথে প্রাণ গেল বাবার
ময়মনসিংহের গফরগাঁও থেকে অটোরিকশায় করে যাওয়ার পথে বালুবাহী একটি ড্রাম ট্রাক তাদের ধাক্কা দেয় বলে জানায় পুলিশ।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বিয়ের পরদিন মেয়ের শ্বশুরবাড়িতে যাওয়ার পথে ড্রাম ট্রাকের ধাক্কায় অটোরিকশা আরোহী দুইজনের প্রাণ গেছে; এতে আহত হয়েছে আরও তিনজন।
বুধবার দুপুর আড়াইটার দিকে গফরগাঁও-হোসেনপুর সড়কে উপজেলার শিলাসী নূর মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান গফরগাঁও থানার ওসি বাচ্চু মিয়া।
নিহতরা হলেন- উপজেলার সালটিয়া ইউনিয়নের হাটুরিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মুঞ্জু মিয়া (৪০) এবং যশরা ইউনিয়নের যশরা গ্রামের ওয়াহেদুল্লার ছেলে মো. আলাউদ্দিন (৬০)।
পুলিশ ও স্বজনরা জানান, মঙ্গলবার মুঞ্জু মিয়ার মেয়ে মিম আক্তারের পারিবারিকভাবে পাগলা থানার দত্তেরবাজার গ্রামে বিয়ে হয়। দুপুরে মিম আক্তারের শ্বশুরবাড়িতে বৌভাত অনুষ্ঠানে যাওয়ার উদ্দেশে আত্মীয়স্বজনসহ মুঞ্জু মিয়া বাড়ি থেকে বের হন।
ব্যাটারিচালিত অটোরিকশায় করে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ড্রাম ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে অটোরিকশা আরোহী পাঁচজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মুঞ্জু ও আলাউদ্দিনকে মৃত ঘোষণা করেন।
গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শারমিন আক্তার বলেন, হাসপাতালে আনার আগেই দুইজনের মৃত্যু হয়েছে। আহত অপর তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি বাচ্চু মিয়া বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
