সার নীতিমালা বহালের দাবি ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের
ভর্তুকি মূল্যের সারের ওপর প্রস্তাবিত পাঁচ শতাংশ উৎস কর বাজারকে অস্থিতিশীল করবে বলে আশঙ্কা ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের।
সারের বিক্রয় মূল্য নির্ধারণ নিয়ন্ত্রণ ও বাজার স্থিতিশীলসহ বিদ্যমান সার নীতিমালা বহাল রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন-বিএফএ।
এ দাবিতে সোমবার চাঁপাইনবাবগঞ্জ ও কুড়িগ্রামে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির নেতারা।
দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের একটি হোটেলের মিলনায়তনে সংবাদ সম্মেলনে সংগঠনের জেলা সভাপতি মো. আকবর হোসেন বলেন, ইউনিয়ন ও ওয়ার্ড ভিত্তিক নতুন ডিলার নিয়োগের প্রস্তাব বাস্তবসম্মত নয়।
অবকাঠামোগত সীমাবদ্ধতা, পরিবহন সংকট ও নিরাপত্তাজনিত সমস্যার কারণে এই নীতিমালা সার বিতরণ ব্যবস্থায় সুফল বয়ে আনতে পারবে না বলে মনে করেন তিনি।
বিসিআইসি ডিলাররা ৩০ বছর ধরে নিরবচ্ছিন্নভাবে কৃষকের কাছে সার পৌঁছে দিচ্ছেন; এ অবস্থায় হঠাৎ নতুন কাঠামো চাপিয়ে দিলে বাজারে সংকট তৈরি হতে পারে বলে জানান আকবর হোসেন।
তিনি বলেন, “নতুন নীতিমালায় খুচরা বা ক্ষুদ্র সার বিক্রেতা রাখা হচ্ছে না। কিন্তু ডিলাররা প্রান্তিক কৃষকদের কাছাকাছি সার পৌঁছে দিচ্ছেন। বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন। তাদের বাদ দেওয়া হলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন।
“পাশাপাশি প্রকৃত চাহিদা অনুযায়ী সুষম বরাদ্দ দিলে কোনো ধরনের সংকট তৈরি হবে না। ডিলারদের পরিবহন খরচ ও কমিশন বৃদ্ধি করা জরুরি হয়ে পড়েছে। কারণ জ্বালানি, ব্যাংক সুদ, গুদাম ভাড়া ও শ্রমিক ব্যয় বেড়ে গেলেও কমিশন বাড়ানো হয়নি।”
সেইসঙ্গে ভর্তুকি মূল্যের সারের ওপর প্রস্তাবিত পাঁচ শতাংশ উৎস কর বাজারকে অস্থিতিশীল করবে বলে আশঙ্কা প্রকাশ করেন ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের এই নেতা।
তিনি বলেন, মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাদের পাশাপাশি বিএফএ’র প্রতিনিধিদের মতামত গ্রহণ করে নতুন নীতিমালা প্রণয়ন করা উচিত।
এ ছাড়া সার ডিলার নীতিমালা ২০০৯-এর আলোকে ২০২৫ সালের নীতিমালায় প্রয়োজনীয় সংশোধন আনা হলে, তা কৃষক ও সরকারের জন্য ফলপ্রসূ হবে মনে করে ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন।
এ সময় বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আব্দুল হাকিম, জ্যেষ্ঠ সহসভাপতি কাজী সেতাউর রহমান এবং সহসভাপতি দানিউল ইসলাম উপস্থিত ছিলেন।
এদিকে একই দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন-বিএফএ। দুপুরে জেলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সার ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বলেন, “সম্প্রতি সার্বিক সার ব্যবস্থাপনাকে পুরোপুরি পরিবর্তনের পরিকল্পনার কথা বলেছেন কৃষি উপদেষ্টা। বিদ্যমান সার ব্যবসায়ীদের ‘সিন্ডিকেট’ ট্যাগ লাগিয়ে সার ব্যবস্থাপনায় নতুনত্ব আনার চেষ্টা করা হচ্ছে।
“সারাদেশে বিসিআইসি এবং বিএডিসি মিলিয়ে ১০ হাজার ৮০০ ডিলার এবং হাজার-হাজার কার্ডধারী খুচরা সার বিক্রেতা রয়েছে। দীর্ঘদিন তাদের ব্যবসা পরিচালনার জন্য বিনিয়োগ, ঋণ ও বাজারে বিপুল পরিমাণ অর্থ অনাদায়ি পড়ে আছে।
“এ ছাড়া সার পরিবহনে ট্রাক ভাড়া, জ্বালানি ব্যয়, গুদাম ভাড়া, শ্রমিক খরচ, কর্মচারীর বেতন, লোড-আনলোড খরচ, বৈদ্যুতিক বিল, ব্যাংক ঋণের সুদ ও আয়কর বৃদ্ধি হলেও সারের কমিশন বৃদ্ধি হয়নি। উপরন্তু সরকার উৎস কর পাঁচ শতাংশ ধার্য করায় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে।”
সার ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে গেলে বাজার অস্থিতিশীল হওয়ার আশঙ্কার রয়েছে বলে জানান শামসুল ইসলাম।
