২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নাইজার-মালিতে ঈদের চাঁদ’, চাঁদপুরে ৭ জনে ঈদের নামাজ

চাঁদ যেহেতু সারা পৃথিবীর জন্য এক, তাই ঈদও একই দিনে হওয়া উচিত। সেই বিশ্বাস থেকেই আমরা আজ ঈদ পালন করছি।”

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2026, 04:54 PM

Updated : 26 Aug 2026, 03:11 PM

প্রথম চাঁদ দেখার ভিত্তিতে চাঁদপুরের বিভিন্ন গ্রামে প্রতি বছর আগাম ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপনের প্রচলন থাকলেও এ বছর এর ব্যতিক্রম দেখা গেছে।

জেলার হাজীগঞ্জ উপজেলায় মাত্র সাতজন নিয়ে সৌদি আরবের আগেই ঈদুল ফিতর উদযাপন করেছেন।

বৃহস্পতিবার সকালে উপজেলার সাদ্রা গ্রামে মাইকে ‘ঈদ মোবারক’ ঘোষণা দিয়ে এ জামাত অনুষ্ঠিত হয়। এতে সাদ্রা দরবার শরিফের পীর মাওলানা ইসহাক (রহ.)-এর ছেলে মাওলানা আবু বকর সিদ্দিকের অনুসারীরা অংশ নেন।

জামাতে ইমামতি করেন মাওলানা আবু বকর সিদ্দিক। তিনি বলেন, নাইজার, মালিসহ বিশ্বের বিভিন্ন দেশে চাঁদ দেখা যাওয়ার ভিত্তিতে তারা ঈদ উদযাপন করছেন।

আবু বকর বলেন, “চাঁদ যেহেতু সারা পৃথিবীর জন্য এক, তাই ঈদও একই দিনে হওয়া উচিত। সেই বিশ্বাস থেকেই আমরা আজ ঈদ পালন করছি।”

এদিন সাদ্রা গ্রামের কয়েকটি পরিবার আগাম ঈদ উদযাপন করছেন বলে খোঁজ নিয়ে জানা গেছে।

প্রতিবছরই প্রথম চাঁদ দেখার ওপর ভিত্তি করে চাঁদপুরের অন্তত ৪০টি গ্রামে আগাম ঈদ উদযাপনের রেওয়াজ রয়েছে।