শেরপুরে বিএনপির এজেন্টকে মারধরের অভিযোগ জামায়াতের বিরুদ্ধে
সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের হেরুয়া-বালুরঘাটের নামাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে শেরপুর সদর থানার ওসি জানান।
শেরপুর সদর উপজেলায় বিএনপির নির্বাচনি এজেন্টকে পথ আটকিয়ে মারধরের অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের বিরুদ্ধে।
শনিবার রাত ৯টার দিকে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের হেরুয়া-বালুরঘাটের নামাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে শেরপুর সদর থানার ওসি সোহেল রানা জানান।
আহত গিয়াস উদ্দিন রাসেল মিয়াকে (৩৫) ২৫০ শয্যা বিশিষ্ট শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথা, মুখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
বিএনপি নেতারা জানান, গিয়াস উদ্দিন রাসেল শেরপুর-১ (সদর) আসনে হেরুয়া বালুরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার নির্বাচনি এজেন্ট ছিলেন।
হাসপাতালে চিকিৎসাধীন রাসেল অভিযোগ করেন, “আমি বিএনপি করি, ধানের শীষের নির্বাচনি এজেন্ট ছিলাম, এ কারণেই আমার ওপর জামায়াতের কর্মী-সমর্থকরা হামলা চালিয়েছে।”
তার দাবি, “জামায়াত সমর্থক কেরামত, জামাল, সোহেল, মনির ও তার ভাইয়ের নেতৃত্বে ১২-১৩ জন মিলে আমার ওপর এ হামলা চালিয়েছে।”
তিনি বলেন, “একটি মোটরসাইকেলে তিনজন ব্যক্তি আমার পিছু পিছু আসছিল। তারা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সেখানে আরও আট-নয়জন ছিলে। তারা সবাই মিলে আমার ওপর হামলা চালায়। আমি প্রাণ বাঁচাতে একটি দোকানে আশ্রয় নিলে সেখানে গিয়েও আমাকে মারধর করে।”
শেরপুর সদর উপজেলা বিএনপির সদস্যসচিব সাইফুল ইসলাম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আকরামুজ্জামান রাহাতসহ বিএনপি নেতারা আহত রাসেলকে দেখতে হাসপাতালে যান।
শেরপুর সদর উপজেলা বিএনপির সদস্যসচিব সাইফুল ইসলাম অভিযোগ করেন, “জামায়াতের রাশেদুল ইসলাম সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, ভাঙচুর করে আসছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। রাসেলের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”
এ ঘটনায় বিএনপি প্রার্থী সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা প্রতিবাদ জানিয়ে দ্রুত দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন।
জামায়াতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম রাশেদ বলেন, “পূর্বপরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ আনার চেষ্টা করা হচ্ছে। তবে ষড়যন্ত্রকারীরা এতে সফল হতে পারবে না।
“আহত ব্যক্তি নির্বাচনি এজেন্ট ছিলেন হেরুয়া বালুঘাট এলাকার হেরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। আর তিনি আক্রান্ত হয়েছেন যোগিনীমোরা এলাকায়। পূর্বশত্রুতার জের ধরে ঘটনা ঘটার পর জামায়াত-শিবিরের নেতাকর্মীদের ওপর দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে।”
এ বিষয়ে শেরপুর সদর থানার ওসি সোহেল রানা বলেন, “ঘটনাটি জেনেছি। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।”
