লক্ষ্মীপুরে ছাত্র আন্দোলনের কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা দিয়ে ২৮ জনের পদত্যাগ
পদত্যাগকারীদের বিষয়ে আপাতত কোনো বক্তব্য নেই, বলেন নতুন কমিটির আহ্বায়ক।
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদ্য ঘোষিত কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা দিয়ে পদত্যাগ করেছেন ২৮ জন।
একইসঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কমিটি ভেঙে নতুন করে ঘোষণা দেওয়ার আল্টিমেটাম দিয়েছেন পদত্যাগকারীরা।
তা না হলে নিজেরাই নতুন করে কমিটি করার হুঁশিয়ারি দেন তারা।
সোমবার দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে পদত্যাগ ও আল্টিমেটামের বিষয়টি জানায় বৈষম্যবিরোধী আন্দোলনকারী ছাত্রদের একাংশ।
এ সময় বক্তব্য দেন নতুন কমিটির যুগ্ম-আহ্বায়ক আবদুর রহিম আসাদ, যুগ্ম সদস্যসচিব মেহেদী হাসান নিরব, মেহেদী হাসান হাসিব ও মতিউর আরিফ।
পদত্যাগকারী অন্যরা হলেন, যুগ্ম-আহ্বায়ক আহমেদ রেজা হৃদয়, আব্দুল আজিজ, সাকিব হোসেন, শাহাদাত হোসেন শিপন, আহির চৌধুরী, এইচএম আজাদ, যুগ্ম-সদস্যসচিব তৌহিদুল ইসলাম, কাজী আলমাস শান্ত, ইকরাম মাহমুদ ফাহাদ, মো. সুজন, নেওয়াজুল ইসলাম নয়ন, ইখতিয়ার আহমেদ ইনু, মো. আল-আমিন, রাকিবুল ইসলাম হৃদয়, আরমান হোসেন নোবেল, সদস্য মো. রাসেল, নওফেল আরাফ মৃদু, নাজমুল হোসেন, শাহ মোহাম্মদ আল-আমিন, মাহির জিসান সামিন, জাহাঙ্গীর রাজ দীপ্ত, রাকিবুল ইসলাম ও শাহেদ হোসেনসহ ২৮ জন।
তবে কমিটির আহ্বায়ক আরমান হোসেন বলেন, “পদত্যাগকারীদের বিষয়ে আপাতত কোনো বক্তব্য নেই। পরে এনিয়ে গণমাধ্যমকে বিবৃতি দেওয়া হবে।”
রোববার রাতে লক্ষ্মীপুর জেলায় ৬ মাসের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২৩৭ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল।
এতে লক্ষ্মীপুর সরকারি কলেজের শিক্ষার্থী আরমান হোসেনকে আহ্বায়ক, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী মো. শাহেদুর রহমান রাফিকে সদস্যসচিব, মুখ্য সংগঠক পদে রোকেয়া এন. ইসলাম কলেজের শিক্ষার্থী সাইফুল ইসলাম মুরাদ ও মুখপাত্র পদে রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী মো. বায়েজিদ হোসাইনের নাম আসে।
কমিটি ঘোষণার পরপরই নোয়াখালী জেলার বাসিন্দা বলে আহ্বায়ক আরমান হোসাইনকে ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে নতুন কমিটি গঠনের দাবি ওঠে।
কমিটি থেকে পদত্যাগ করা আবদুর রহিম আসাদ, মেহেদী হাসান নিরব, মেহেদী হাসান হাসিব ও মতিউর আরিফ বলেন, বহিরাগত কাউকে আহ্বায়ক-সদস্য সচিব, মুখ্য সংগঠক ও মুখপাত্র পদে রাখা যাবে না।
আরমানকে আহ্বায়ক পদ থেকে ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে নতুন কমিটি দিতে হবে। তা না হলে আন্দোলনের সঙ্গে জড়িত স্থানীয় ছাত্রদের নিয়ে নতুন কমিটি গঠন করা হবে।
তারা বলেন, যেহেতু আন্দোলনে আরমানের অবদান রয়েছে, তিনিও কমিটিতে থাকবেন, তবে প্রধান দায়িত্বে নয়।
সংবাদ সম্মেলনে মতিউর আরিফ বলেন, “একটি নির্দিষ্ট দলের লোক এজেন্ডা বাস্তবায়নের জন্য তাদের সাংগঠনিক কর্মীদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে যুক্ত করেছে। সমন্বয়ক কমিটি হবে নিরপেক্ষ-নির্দলীয়। এ কমিটি সবার মতামতের ভিত্তিতে করা উচিত ছিল। কমিটি হবে ছাত্রদের। কমিটিতে জেলার বাহিরের লোককে আহ্বায়ক ও অধিকাংশ একটি সংগঠনের হবে তা মেনে নেওয়া যাবে না।”
