গোপালগঞ্জে ‘জমির বিরোধে’ বাড়িতে হামলা-অগ্নিসংযোগ, আহত ১০
হামলাকারীরা বাড়িঘরে লুটপাট ও একটি মোটরসাইকেল ভাঙচুর করেছে বলে দাবি ভুক্তভোগীদের।
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ, মোটরসাইকেল ভাঙচুর ঘটনা ঘটেছে। এ সময় নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বংকুরা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোটালীপাড়া থানার ওসি মো. রিয়াদ মাহমুদ।
আহতদের মধ্যে শেখ রুহুল আমীন (৮০), তার স্ত্রী আকিরুন্নেছা বেগম (৬৫) এবং তার দুই ছেলে মিনাজুল ইসলাম নাসিম (৩৮) ও সবুজ শেখকে (৩২) গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জমিজমা নিয়ে বংকুরা গ্রামের শেখ রুহুল আমীনের সঙ্গে একই গ্রামের জাকারিয়া শেখ জাকিরের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সন্ধ্যায় জাকির তার লোকজন নিয়ে রুহুল আমীনের বাড়িতে হামলা চালায়।
প্রতিপক্ষের মারধর ও ধারালো অস্ত্রের আঘাতে রুহুল আমীন, তার স্ত্রী ও দুই ছেলেসহ অন্তত ১০ জন আহত হন। এ সময় হামলাকারীরা ঘরে অগ্নিসংযোগ ও একটি মোটরসাইকেল ভাঙচুর করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
এ ঘটনায় ভুক্তভোগীরা মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন ওসি রিয়াদ মাহমুদ।
আহত রুহুল আমীন বলেন, “ইফতারের আগ মুহূর্তে জাকির ও তার লোকজন দেশি অস্ত্র নিয়ে আমার বাড়িতে এসে গালিগালাজ শুরু করেন। কারণ জানতে চাইলে তারা অতর্কিত হামলা চালায়। তারা আমাকেসহ পরিবারের সদস্যদের কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে।
“তারপর তারা বসতঘরে অগ্নিসংযোগ ও একটি মোটরসাইকেল ভাঙচুর করে। চলে যাওয়ার সময় তারা ঘরের মালামালও লুটে করে নিয়ে যায়। আগেও তারা আমাদের ওপর হামলা করেছিল। এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
এ বিষয়ে জানতে জাকিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
শুক্রবার দুপুরে ওসি রিয়াদ মাহমুদ বলেন, জামিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে।
