২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

তবে অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি নেতা খ ম তৌহিদুর রহমান।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2025, 07:56 PM

Updated : 26 Aug 2026, 02:34 PM

সিরাজগঞ্জের সলঙ্গা থানায় একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে। 

এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে রামকৃষ্ণপুর ইউনিয়নের উনুখাঁ পাগলাপীর উচ্চ বিদ্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করেছেন শিক্ষক, অভিভাবক এবং প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। 

শিক্ষক-শিক্ষার্থীরা অভিযোগ করেন, রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক খ. ম তৌহিদুর রহমান মঙ্গলবার সকালে বিদ্যালয়ে আসেন। ওই সময় তিনি বিদ্যালয়ে প্রধান শিক্ষক ইসমাইল হোসেন তালুকদার এবং অন্যান্য শিক্ষকদের সঙ্গে অসদাচরণ করেন। তিনি শিক্ষকদের অপমানজনক কথাবার্তা বলে হুমকি-ধামকি দেন। 

পরে শিক্ষার্থীদের তাৎক্ষণিক প্রতিবাদের মুখে তিনি স্কুল ত্যাগ করতে বাধ্য হন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা খ ম তৌহিদুর রহমান। 

এ ঘটনার একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। ভিডিওতে দেখা যায়, তৌহিদুর রহমান স্কুলে প্রবেশ করে সামনে থাকা শিক্ষকদের সঙ্গে মারমুখী আচরণ ও হুমকি-ধামকি দিচ্ছিলেন। কয়েকজন শিক্ষক ও এলাকার লোকজন তাকে শান্ত রাখার এবং সেখান থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন।

এ সময় সেখানে স্কুলের শিক্ষার্থীরাও দাঁড়িয়েছিলেন। বিএনপি নেতার এই আচরণের মধ্যেই শিক্ষার্থীরা ‘ভুয়া, ভুয়া’ বলে স্লোগান দিচ্ছিল। একপর্যায়ে তিনি স্কুল থেকে বেরিয়ে যান। 

এ ঘটনার প্রতিবাদে সমাবেশে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মিন্টু আহমেদ বলেন, “শিক্ষকদের প্রতি এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা শিক্ষক সমাজের মর্যাদা রক্ষায় এ ঘটনার বিষয়ে প্রশাসন ও দলের পক্ষ থেকে দ্রুত কার্যকর পদক্ষেপ এবং শাস্তি দাবি করছি।”

একই দাবি জানান সমাবেশে অংশগ্রহণকারী খায়রুল ইসলাম ও রাশিদুল ইসলাম। 

এ বিষয়ে উনুখাঁ পাগলাপীর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক ইসমাইল হোসেন সাংবাদিকদের বলেন, “সম্প্রতি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন হয়েছে। একটি পক্ষ নিয়ম মাফিক মনোনয়নপত্র উত্তোলন করার পর বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বিএনপি নেতা খ ম তৌহিদুর রহমানের সমর্থক আর একটি পক্ষ সঠিক সময়ে মনোনয়ন তুলতে ব্যর্থ হওয়ায় তারা নির্বাচনে অংশ নিতে পারেননি। 

“এই কারণে তিনি ক্ষুব্ধ হয়ে বিদ্যালয়ে প্রবেশ করে ভীতিকর পরিস্থিতি তৈরি করেন এবং আমাকেসহ অন্যান্য শিক্ষকদের সঙ্গে অসদাচারণ করেছেন।”

যদিও এই ঘটনায় কোথাও কোনো অভিযোগ করেননি বলেও জানান প্রধান শিক্ষক। 

এ ব্যাপারে বিএনপি নেতা খ ম তৌহিদুর রহমান বলেন, “বিদ্যালয়ের প্রধান শিক্ষক তড়িঘড়ি করে জামায়াতের চারজন ও বিএনপির একজনকে নিয়ে ম্যানেজিং কমিটি করেছেন। 

“এ ছাড়া ওই বিদ্যালয়ের কিছু শিক্ষক নিয়মমায়িক স্কুলে আসেন না। স্কুলে নিয়মিত অ্যাসেম্বেলি হয় না। এসব বিষয়ে কথা বলতে গেলে উভয়ের মধ্যে তর্কবিতর্ক হয়েছে। কারও সঙ্গে অসদাচারণ করা হয়নি।”