২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে বিয়ের আশ্বাসে ছাত্রীকে ‘ধর্ষণ’, কোচিং সেন্টারের শিক্ষক গ্রেপ্তার

কুড়িগ্রামের উলিপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে র‌্যাব-১৩।

দিনাজপুরে বিয়ের আশ্বাসে ছাত্রীকে ‘ধর্ষণ’, কোচিং সেন্টারের শিক্ষক গ্রেপ্তার
গ্রেপ্তার শাহিনুর ইসলাম শাহিন।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2026, 04:36 PM

Updated : 26 Aug 2026, 03:36 PM

দিনাজপুরের খানসামা উপজেলায় বিয়ের আশ্বাসে এক কলেজ ছাত্রীকে ধর্ষণ মামলায় কোচিং সেন্টারের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩।

মঙ্গলবার রাতে কুড়িগ্রামের উলিপুর পৌরসভার সরদার পাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-১৩, রংপুরের জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।

গ্রেপ্তার শাহিনুর ইসলাম শাহিন (২৭) দিনাজপুরের খানসামা থানার দক্ষিণ গোবিন্দপুর এলাকার বাসিন্দা।

বুধবার দুপুরে র‌্যাব কর্মকর্তা বিপ্লব কুমার বলেন, ভুক্তভোগী শিক্ষার্থী খানসামা উপজেলার একটি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। শাহিন কোচিং সেন্টার চালু করে স্থানীয় ছাত্র-ছাত্রীদের পাঠদান করতেন। সেই সুবাদে ভুক্তভোগী ছাত্রী ওই কোচিং সেন্টারে প্রাইভেট পড়তেন। 

“প্রাইভেট পড়ার সময় শাহিন প্রায়ই ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিতেন। এক পর্যায়ে তাকে বিয়ের আশ্বাস দেন শাহিন। এর মধ্যে ২৩ মার্চ সকাল সাড়ে ৮টার দিকে কোচিং শেষে হলেও ওই ছাত্রীকে আলাদাভাবে কথা বলার জন্য বসিয়ে রাখেন তিনি। 

“সব ছাত্র-ছাত্রী চলে গেলে শাহিন কোচিং সেন্টারের দরজা বন্ধ করে বিয়ের আশ্বাস দিয়ে ওই শিক্ষার্থীকে ধর্ষণ করেন। এরপর তাকে বিভিন্ন স্থানে ঘুরতে নিয়ে একাধিকবার ধর্ষণ করা হয়। পরে ওই শিক্ষার্থী বিয়ের চাপ দিলে ১৮ এপ্রিল তাকে বিয়ে করতে পারবে না বলে জানিয়ে দেন শাহিন।” বিপ্লব কুমার বলেন, পরে ওই ছাত্রী বিষয়টি তার পরিবারকে জানান। এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে খানসামা থানায় ধর্ষণ মামলা করেন। তবে মামলার পর থেকে গ্রেপ্তার এড়াতে আসামি আত্মগোপনে চলে যান।

পরে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গোয়েন্দা তৎপরতা শুরু করে র‌্যাব-১৩। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে শাহিনকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয় বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।