১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নরসিংদীতে পোড়ানো হল ‘২ কোটি টাকার’ নিষিদ্ধ কারেন্ট জাল

অভিযানের সময় দুই ব্যবসায়ীকে আটক করা হয়। তবে অভিযানের খবর পেয়ে আরও কয়েকজন পালিয়ে যান।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2026, 09:45 PM

Updated : 11 Sep 2026, 03:44 PM

নরসিংদীর মাধবদী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দ করা ‘প্রায় দুই কোটি টাকা’ মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

সোমবার মাধবদী বাজারের জালপট্টিতে অভিযান শেষে জনসম্মুখে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয় বলে জানান অভিযানের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল।

উপজেলা প্রশাসন জানায়, সাপ্তাহিক হাটের দিন সকাল থেকে দুপুর পর্যন্ত বাজারের কয়েকটি জালের দোকানে অভিযান চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।

অভিযানের সময় দুই ব্যবসায়ীকে আটক করা হয়। তবে অভিযানের খবর পেয়ে আরও কয়েকজন পালিয়ে যান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল বলেন, “জব্দ করা জালের পরিমাণ এত বেশি ছিল যে, সেগুলো সরাতে বেশ সময় লেগেছে। এ ঘটনায় দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। তাদের একজন ২০ হাজার টাকা জরিমানা পরিশোধ করে মুচলেকা দিয়ে মুক্তি পেয়েছেন।”

নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা জাহান সরকার বলেন, “দেশীয় মাছের প্রজনন রক্ষা ও মাছের উৎপাদন বাড়াতে নিষিদ্ধ কারেন্ট জালের বিরুদ্ধে আমরা ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছি। নদী-নালা ও জলাশয়ে অবৈধ কারেন্ট জাল ব্যবহার রোধে আমরা কঠোর অবস্থানে আছি। এ ধরনের অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।”

অভিযানে নরসিংদী সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা রওনক জাহান, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং মাধবদী পৌরসভার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।