সিরাজগঞ্জে তারেকের জনসভা: প্রস্তুত মঞ্চ, অপেক্ষায় নেতাকর্মীরা
দুপুরে সিরাজগঞ্জ পাইকপাড়া এলাকায় অবস্থিত বিসিক শিল্প পার্কে বক্তৃতা করবেন।
নির্বাচনি জনসভায় অংশগ্রহণ করতে সিরাজগঞ্জে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
প্রায় ২০ বছর পর সিরাজগঞ্জে আসা তারেক রহমান এদিন দুপুরে সিরাজগঞ্জ পাইকপাড়া এলাকায় অবস্থিত বিসিক শিল্প পার্কে বক্তৃতা করবেন।
তার এই আগমনকে নিয়ে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন জেলা নেতাকর্মীরা। সকাল থেকেই মিছিল নিয়ে মাঠে আসতে শুরু করেছেন তারা। এতে দুপুরের আগেই মানুপরিপূর্ণ হয়ে যায় সমাবেশস্থল।
এর মধ্যে প্রিয় নেতাকে কাছ থেকে দেখতে সকাল সকাল হাজির হয়ে সমাবেশের মঞ্চের পাশে অবস্থান নিয়েছেন আলকাছ আলী মন্ডল (৩৩)।
কামারখন্দ উপজেলা থেকে আসা তার শরীরে জড়িয়ে নিয়েছেন ধানের শীষ। প্রায় ৮/১০ কেজি ওজনের ভারেও তিনি অপেক্ষায় আছেন তারেক রহমানকে এক নজর দেখার জন্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ধানের ভারে কিছুটা কষ্ট হলেও নেতাকে দেখার জন্য এ কষ্ট তুচ্ছ বলে মনে হচ্ছে।”
তার স্বপ্ন তারেক রহমান আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, তার আশা তারেক রহমান ভঙ্গুর স্বাস্থ্যখাতকে ঠিক করবেন যাতে তারা ভালো চিকিৎসা সেবা পান।
বিএনপি জেলা যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ খান হাসান বলেন, “তারেক রহমানকে এক নজর দেখতে মুখিয়ে আছে সিরাজগঞ্জ বাসী। জানতে পেরেছি তিনি বগুড়া থেকে রওয়ানা হয়েছেন। দ্রুতই তিনি এখানে এসে আমাদের মাঝে বক্তব্য রাখবেন।”
সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ বলেন, ‘‘ আমাদের সব কার্যক্রম শেষ হয়েছে। এখন আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমানের অপেক্ষায় আছি। তাকে দেখার জন্য সিরাজগঞ্জ ও পাবনার প্রত্যন্ত অঞ্চল থেকে নেতা-কর্মীরা এসেছেন। প্রায় দুই দশক পর তারেক রহমানকে তারা খুব কাছের থেকে দেখতে পারবেন এই আশা নেতা-কর্মী-সমর্থকদের। ”
সিলেটে হযরত শাহ জালাল (র.) ও হযরত শাহ পরাণ (র.) মাজার জিয়ারতের পর গত ২২ জানুয়ারি সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশের মধ্য দিয়ে নির্বাচনি প্রচারাভিযান শুরু করেন তারেক রহমান। সেদিন সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাক্ষণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়নগঞ্জে ৭টি সমাবেশ করেন তিনি।
এরপর গত রোববার চট্টগ্রাম থেকে দ্বিতীয় পর্বের প্রচারাভিযান চালান বিএনপি চেয়ারম্যান। সেদিন চট্টগ্রামসহ ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে পাঁচটি সমাবেশে বক্তব্য রাখেন তারেক রহমান।
একদিন বাদে মঙ্গলবার ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে বিভাগীয় জনসভা করেন তিনি। তারেক রহমান সেদিন গাজীপুর ও ঢাকার উত্তরায় আরও দুটি সমাবেশে বক্তৃতা করেন। এরপর বৃহস্পতিবার রাজশাহী থেকে তিন দিনের নির্বাচনি সফর শুরু করেন তিনি।
তার দ্বিতীয় দিনে তিনি সিরাজগঞ্জের জনসভায় অংশ নিবেন। এর আগে ২০০৬ সালের ২৪ ডিসেম্বর তারেক রহমান সর্বশেষ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল ধোপাকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠের জনসভায় বক্তব্য দিয়েছিলেন।
পুরানো খবর
