২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদক নির্মূল কমিটির সভাপতি ওপর হামলা, পিটুনিতে ‘মাদকসেবীর’ মৃত্যু

নিহতের ছোট বোন বলেন, “আমার ভাইয়ের অনেক দোষ থাকতে পারে। কিন্তু কেন নিষ্ঠুরভাবে পিটিয়ে তাকে হত্যা করা হল?”

বিডিনিউজ২৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2024, 10:24 PM

Updated : 26 Aug 2026, 10:38 AM

চাঁপাইনবাবগঞ্জে মাদক নির্মূল কমিটির সভাপতিসহ দুইজনের ওপর হামলার অভিযোগে পিটুনিতে হামলাকারী ‘মাদকসেবীর’ মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে‌ বালিয়াডাঙ্গা ইউপির ৮ নম্বর ওয়ার্ডের শিমুলতলা এলাকায় এ ঘটনা ঘটে বলে ইউপি চেয়ারম্যান মো. আতাউল হক কমল বলেন।

নিহত মো. মিজানুর রহমান মিজু (৩৫) ওই এলাকার তরিকুল ইসলামের ছেলে‌। 

আহতরা হলেন স্থানীয় মসজিদের ইমাম ও মাদক নির্মূল কমিটির সভাপতি মো. হোসেন (৩৮) ও হারুন আলি (৩৯)। তারা সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের শিমুলতলা গ্রামের বাসিন্দা। 

ইউপি চেয়ারম্যানের ভাষ্য, মিজানুর রহমান মিজু একজন মাদক সেবক ও কারবারী। তার অত্যাচারে অতিষ্ট হয়ে তার বাবা দুমাস আগে বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। এর আগে তাকে ছেড়ে গেছে তার বউ। 

তিনি আরো জানান, শিমুলতলা এলাকায় মাদক নির্মূলের জন্য স্থানীয় শিমুলতলা বালুচর মসজিদের ইমাম মো. হোসেনকে সভাপতি করে একটি কমিটি গঠিত হয়। ইমাম সাহেব মাদক নির্মূলে সোচ্চার হন। এতে ক্ষিপ্ত হন মিজানুর। 

সকালে নৌকায় নদী পার হয়ে বালিয়াডাঙ্গা ঘাটে নামার সময়  হোসেনের পিঠে ও উরুতে হাসুয়ার কোপ মেরে তাকে আহত করেন মিজু। 

এ সময় হোসেনকে বাঁচাতে হারুন নামে একজন এগিয়ে এলে তার বুকের ডান দিকে ছুরির আঘাত করে মিজু। 

এতে ক্ষুব্ধ হয়ে পিটুনি দিয়ে মিজুকে পুলিশের হাতে তুলে দেন এলাকাবাসী। পরে পুলিশ তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক ফরহাদ আলী সুইট বলেন, “হাসপাতালে নিয়ে আসার আগেই মিজানুর রহমান মিজুর মৃত্যু হয়েছে। তার সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে, পা দুটি ছিল দুমড়ানো। 

অন্যদিকে, আহত দুইজনকে উদ্ধার করে একই হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। 

এদিকে, নিহত মিজানুরের ছোট বোন মোসা. খাদিজা বলেন, “আমার ভাইয়ের বুদ্ধি ভালো ছিল না। তার অনেক দোষ থাকতে পারে।কিন্তু কেন নিষ্ঠুরভাবে পিটিয়ে তাকে হত্যা করা হল?”

সদর থানার ওসি এস এম জাকারিয়া বলেন, “এ ঘাটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। রহস্য উদঘাটন করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”