২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড় সীমান্ত দিয়ে ‘পুশ ইন’ করা হয়েছে ২৩ জনকে

ওসি আব্দুল্লা হিল জামান বলেন, পুশ ইন করাদের পরিবারের সঙ্গে যোগাযোগসহ পরিচয় যাচাই করা হচ্ছে।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2025, 05:53 PM

Updated : 26 Aug 2026, 01:34 PM

পঞ্চগড়ের সদর উপজেলার সীমান্ত দিয়ে ভারত থেকে নারী-পুরুষ, শিশুসহ ২৩ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ)।

বুধবার দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা তাদের আটক করে পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে বলে জানিয়েছেন থানার ওসি আব্দুল্লা হিল জামান।

এর আগে মঙ্গলবার গভীর রাতে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন উপজেলা সদরের হাড়িভাসা ইউনিয়নের ঘাগড়া সীমান্তের বড়বাড়ি মেইন পিলার ৭৫৭ এর ২ নম্বর সাব পিলার এলাকা দিয়ে ২৩ জনকে পুশ-ইন করা হয়। 

বুধবার সকালে বাংলাদেশের অভ্যন্তরে স্থানীয়রা তাদের আটক করে হাড়িভাসা ইউনিয়ন পরিষদে নিয়ে যান। খবর পেয়ে বিজিবি তাদের আটক করে ঘাগড়া সীমান্ত ফাঁড়িতে ক্যাম্পে নিয়ে যায়। 

আটকরা হলেন- যশোর জেলার মনিরা শেখ (৪০), নবী গাজী (৪৫), বুলবুল মিনা (৩৫), নাসরিন (২৯), করিম ডালি (৩১), মো. ফারুক হোসেন (৩৫), সাহেরা খাতুন (৪০), মেহেরুন (৪৫), পারভিনা খাতুন (৩৮), মোছা. হাফিজা (১১), রাবেয়া খাতুন (৪৫), সাতক্ষীরা জেলার সাফিয়া খাতুন (৪৫), রোজিনা মোল্লা (৩০), মো. হযরত আলী সরদার (৫৬), মো. রবিউল ইসলাম (৪২), সাবানা খাতুন (৪০), আব্দুস সালাম (২৩), ইকবাল হোসেন (২৮), পুলমতি (৪৫), লালমনিরহাট জেলার তানিয়া আক্তার (২৫) এবং দেড় বছর বয়সী এক শিশু ও দুজন কিশোর। 

আটকরা ভারতের বোম্বেসহ বিভিন্ন এলাকায় বাসা-বাড়িসহ শ্রমিকের কাজ করতেন।

ওসি আব্দুল্লা হিল জামান বলেন, পুশ ইন করা ২৩ জনের পরিবারের সঙ্গে যোগাযোগসহ পরিচয় যাচাই করা হচ্ছে। বাংলাদেশি পরিচয় নিশ্চিত হলে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে।