কুড়িগ্রামে একটি সেতুর অভাবে দুর্ভোগে ৩০ হাজার বাসিন্দা
জিনজিরাম নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
কুড়িগ্রামের রৌমারী উপজেলার জিনজিরাম নদীর ওপর স্থায়ী সেতু না থাকায় বছরের পর বছর দুর্ভোগ পোহাচ্ছেন অন্তত ৩০ হাজার বাসিন্দারা। দীর্ঘদিন ধরে স্থানীয়রা একটি সেতু নির্মাণের দাবি জানিয়ে আসলেও তাদের কথা শুনছে না কেউ।
সবশেষ শনিবার দুপুরে সেতু নির্মাণের দাবিতে উপজেলার মির্জাপাড়া ও গোলাগ্রাম জকির মোড়ের পূর্ব পাশে জিনজিরাম নদীর তীরে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
এতে চান্দার চর, ফুলবাড়ি, গোয়ালগ্রাম, পূর্ব চর ইছাকুড়িসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে ফুলবাড়ি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইদুর রহমান, রৌমারী উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক সৈয়দ আলী, এলাকাবাসীর প্রতিনিধি আসাদুল হক এবং আরিফুল ইসলামসহ অনেকেই বক্তব্য দেন।
স্থানীয়দের দাবি, এ অঞ্চলে প্রায় ৩০ হাজার মানুষের বসবাস। প্রতিদিন ১০ থেকে ১৫ হাজার মানুষ এ পথ ব্যবহার করে চলাচল করেন। জিনজিরাম নদীর ওপর একটি স্থায়ী সেতু না থাকায় বছরের পর বছর ধরে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বাসিন্দাদের।
বক্তারা জানান, বর্ষা মৌসুমে এ পথে একমাত্র ভরসা নৌকা। আর শুকনো মৌসুমে গ্রামবাসীর উদ্যোগে নির্মিত ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো। বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় জরুরি রোগী পরিবহন, শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াত এবং কৃষিপণ্য বাজারজাতকরণে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে বাসিন্দাদের।
সহকারী শিক্ষক সাইদুর রহমান বলেন, “স্বাধীনতার এত বছর পরও একটি সেতুর অভাবে আমরা পিছিয়ে আছি। আমাদের সন্তানদের শিক্ষা, কৃষকের উৎপাদিত ফসল পরিবহন এবং রোগীদের চিকিৎসা, সবকিছুই এই নদীর কারণে ব্যাহত হচ্ছে। একটি সেতু নির্মাণ হলে কয়েকটি গ্রামের মানুষের জীবনমান বদলে যাবে।”
সহকারী শিক্ষক সৈয়দ আলী বলেন, “বর্তমান সরকার দেশের বিভিন্ন অঞ্চলে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে। এ জনপদের মানুষও সেই উন্নয়নের সুফল পেতে চায়।”
জিনজিরাম নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মাণ করা হলে এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে বলে জানান তিনি।
