Published : 30 Nov 2025, 11:56 AM
পঞ্চগড়ে আকাশে ঝলমলে রোদ থাকলেও শীতের দাপট কমেনি। ভোরের কনকনে ঠান্ডা হাওয়া থাকলেও বেলা গড়ালে রোদের উষ্ণতা খানিকটা স্বস্তি দেয়।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে ভারপ্রাপ্ত কর্মকতা জিতেন্দ্রনাথ রায় জানান, রোববার সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
এর আগে শনিবার সকাল ৯টায় জেলায় ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এ দিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
জিতেন্দ্র বলেন, “তাপমাত্রা গতকালের তুলনায় সামান্য একটু কম। শীতের তীব্রতা কমার কোনো লক্ষণ নেই।”
বোদা উপজেলার কলেজপাড়া গ্রামের ভ্যান চালক আমিনুর ইসলাম বলেন, “সকালে ঠান্ডার কারণে ভ্যান যাত্রী পাওয়া কম যায়। রোদ উঠলে লোকজন বের হয়; তখন যাত্রীও পাওয়া যায়।”
বোদা উপজেলার নয়াদিঘী এলাকার দিনমুজর জাহাঙ্গীর বলেন, “ঠান্ডার কারণে সকালে কৃষকের ক্ষেতে কাজ করতে অসুবিধা হচ্ছে।”
আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের লীলার মেলা এলাকার স্থায়ী বাসিন্দা বাবুল হোসেন বলেন, “আবহাওয়ার তরতম্যের কারণে এলাকার মানুষজন নানা রকম শীতের রোগে আক্রান্ত হচ্ছে।”
আবহাওয়া কর্মকর্তা জিতেন্দ্রনাথ বলেন, “শীত ধীরে ধীরে নামছে। ডিসেম্বরের মাঝামাঝি সময়ে শীত আরও তীব্র হতে পারে। শৈত্যপ্রবাহ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।”