মাগুরায় বাসের সঙ্গে সংঘর্ষে ২ ভ্যানযাত্রী নিহত
এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।
মাগুরা সদর উপজেলায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও ১০ জন।
রোববার দুপুরে মাগুরা-ঝিনাইদহ সড়কে উপজেলার রামনগর ঢাল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে মাগুরা হাইওয়ে পুলিশের এসআই আলমগীর কবির জানান।
নিহতরা হলেন- উপজেলার গৌরিচরণপুর গ্রামের আওয়াল হোসেনের ছেলে ভ্যানচালক আব্দুস সাত্তার এবং উপজেলার দোড়ামোথনা গ্রামের আনিচুর রহমানের স্ত্রী রেশমা খাতুন (৩৫)।
এ দুর্ঘটনায় আহতদের মধ্যে তানিয়া খাতুন (২৩), শামছুল (৪৫), সোহাগ (৪০) ও আয়ান হোসেনকে (১) মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, চুয়াড়াঙ্গা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের বাসটির সঙ্গে বিপরীতমুখি ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই ভ্যানচালক আব্দুস সাত্তার নিহত হন। চিকিৎসাধীন অবস্থায় বিকালে ঝিনাইদহ সদর হাসপাপতালে রেশমা খাতুন মারা যান।
এসআই আলমগীর কবির বলেন, এ ব্যাপারে আইনগত বিষয় প্রক্রিয়াধীন।
