২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভেড়ামারায় ফিলিং স্টেশনে আগুনে দগ্ধ সবাই মারা গেলেন, মামলা করেনি কেউ

এতোবড় ঘটনার পর এখন পর্যন্ত কেন মামলা হলো না তাও বুঝতে পারছেন না কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক।

কুষ্টিয়া প্রতিনিধি

Published : 07 Sep 2022, 11:09 PM

Updated : 07 Sep 2022, 11:09 PM

কুষ্টিয়ার ভেড়ামারায় ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে দগ্ধ পাঁচজনের সবাই মারা গেছেন।

ঘটনার ২৬ দিন পর মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সবশেষ ব্যক্তির মৃত্যু হয় বলে ভেড়ামারা থানার পরিদর্শক মজিবুর রহমান জানান।

নিহত বিদ্যুৎ হোসেন (২৫) ভেড়ামারা উপজেলার পরানখালী গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।

এ অগ্নিকাণ্ডের পরের দিন গঠিত কমিটি ইতোমধ্যে তদন্ত শেষ করে ঘটনাস্থলের বেআইনি ও বিধি লঙ্ঘনের চিত্র তুলে ধরে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন-বিপিসিকে প্রতিবেদন দেয়।

তদন্তে বিধি লঙ্ঘনের কারণে অগ্নিকাণ্ড ও জান-মালের ব্যাপক ক্ষয়ক্ষতির সত্যতা পাওয়া গেলেও এ ঘটনায় এখন পর্যন্ত মামলা করেননি কেউ।

গত ১২ অগাস্ট উপজেলার মহিষাডোরা এলাকায় ‘দফাদার ফিলিং স্টেশন’-এ অগ্নিকাণ্ডে ঘটনাস্থলেই উপজেলার দিঘলকান্দি গ্রামের শাহাজুদ্দীনের ছেলে শাহাজুল (৩৫) ও একই এলাকার তৌহিদুল ইসলামের ছেলে বিজয় (১৬) মারা যান। গুরুতর দগ্ধ তিনজনকে ১৩ অগাস্ট রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল। ওইদিন রাতেই দগ্ধ রাজিব উদ্দিন (২৫) ও ১৮ আগস্ট ভোরে রিমন (১৪) নামে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় কুষ্টিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাসরিন বানুকে প্রধান ও ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত এবং কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জানে আলমসহ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটি ইতোমধ্যেই তদন্ত শেষ করে ঘটনাস্থলের বেআইনি ও বিধি লঙ্ঘনের চিত্র তুলে ধরে ওই ফিলিং স্টেশনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট বাংলাদেশ পেট্টোলিয়াম করপোরেশন-বিপিসিতে প্রতিবেদন পাঠানো হয়েছে বলে জানায় তদন্ত কমিটি।

তদন্ত কমিটির প্রধান নাসরিন বানু বলেন, “সেখানে অগ্নিনির্বাপনী ব্যবস্থার বিচ্যুতি ছাড়াও বেআইনিভাবে অতিরিক্ত ট্যাংক ব্যবহারের সময়েই এ দুর্ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ ছাড়া ওই পাম্পের কর্মকাণ্ড বিষয়ে অনুমোদনটিও ছিল অসম্পূর্ণ।”

ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিপিসিতে সুপারিশ পাঠানো হয়েছে বলে জেলা প্রশাসনের এ কর্মকর্তা জানান।

ঘটনার সময় উদ্ধারকাজে নেতৃত্ব দেওয়া কুষ্টিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানে আলম বলেন, আগুন নিয়ন্ত্রণ ও অগ্নিদগ্ধ আহতদের উদ্ধারের সময় ওই ফিলিং স্টেশনে সতর্কতা অবলম্বনে যেসব বিধি পালনের কথা তার কিছুই সেখানে মানা হতো না। একইসঙ্গে এ ঘটনায় যারা অগ্নিদগ্ধ হন তারা কেউই দাহ্য পদার্থ নাড়াচাড়া করা কোনো প্রশিক্ষণ নেননি। সেখানে যে কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল তা সুস্পষ্ট অপরাধ।

এতবড় ঘটনার পরও এখন পর্যন্ত কেন কেউ মামলা করল না তাও বুঝতে পারছেন না বলে ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা জানান।

এ বিষয়ে কথা বলতে ‘দফাদার ফিলিং স্টেশন’-এর মালিক আফানুজ্জামান জুয়েলের মোবাইল ফোনে কল করলে তা বন্ধ পাওয়া যায়।

ভেড়ামারা থানার পরিদর্শক মজিবুর রহমান বলেন, “এ ঘটনায় এখনও কেউ কোনো অভিযোগ নিয়ে থানায় আসেনি বা মামলা হয়নি। এ বিষয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশ পেলে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।”

আরও পড়ুন:

পুরনো খবর:

কুষ্টিয়ায় ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড: মৃত্যু বেড়ে ৪
কুষ্টিয়ায় ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে নিহত ২