২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে রেল-কর্মচারীদের ধর্মঘটে ২ ঘণ্টা আটকে ছিলো ট্রেন, ভোগান্তি

অস্থায়ী কর্মচারীদের কর্মবিরতিতে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের সিগন্যাল দেওয়া সম্ভব হয়নি।

নাটোরে রেল-কর্মচারীদের ধর্মঘটে ২ ঘণ্টা আটকে ছিলো ট্রেন, ভোগান্তি

নাটোর রেলওয়ে স্টেশন

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2022, 04:19 PM

Updated : 16 Oct 2022, 04:19 PM

নাটোর রেলওয়ে স্টেশনে তৃতীয় শ্রেণির অস্থায়ী কর্মচারীদের ধর্মঘটে দুই ঘণ্টা আটকে ছিলো একটি ট্রেন। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

নাটোর রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার কামরুন নাহার জানান, রোববার সকালে বেতন বৃদ্ধি, পদ স্থায়ীকরণ, নিয়োগবিধি সংশোধনসহ ছয় দফা দাবিতে ধর্মঘট শুরু করেন অস্থায়ী (টিএলআর) কর্মচারীরা। এতে রাজশাহী থেকে ছেড়ে আসা চিলহাটিগামী ‘তিতুমীর এক্সপ্রেস’ ট্রেনটি নাটোর স্টেশনে আটকা পড়ে।

তিনি বলেন, “সকাল ৬টায় শুরু হওয়া অস্থায়ী কর্মচারীদের কর্মবিরতিতে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের সিগন্যাল দেওয়া সম্ভব হয়নি। এ কারণে ট্রেনটি প্রায় দুই ঘণ্টা আউটার সিগন্যালে পড়ে ছিল।

“৭টা ৪৫ মিনিটের তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি সকাল ৯টা ৩০ মিনিটে নাটোর রেলস্টেশনে পৌঁছায় এবং ৯টা ৩৫ মিনিটে ২ নম্বর প্লাটফর্ম থেকে চিলাহাটির উদ্দেশে ছেড়ে যায়।”

বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে, স্থায়ী কর্মচারীরা কাজ করছেন বলে জানান সহকারী স্টেশন মাস্টার।

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সেপাহী মো. সেলিম উদ্দিন বলেন, তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি নাটোর স্টেশন আটকা পড়লে অসহনীয় দুর্ভোগে পড়েন যাত্রীরা।