আমাদের আমেরিকা না গেলেও চলবে: কৃষিমন্ত্রী
“কোনো ষড়যন্ত্র করেই তারা এই নির্বাচনকে বানচাল করতে পারবে না বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।”
আমেরিকার ভিসা নীতির কারণে সরকারের ‘ক্ষতি হবে না’ বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, “কিছু মানুষকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে যারা গুলশান-বনানীতে বসবাস করে; তারাই আমেরিকা যায়। আমাদের আমেরিকা না গেলেও চলবে।”
শনিবার দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলায় বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত দোখলা রেস্ট হাউজে বঙ্গবন্ধুর ম্যুরাল ও বনবিভাগের দুটি ব্যারাক উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে আব্দুর রাজ্জাক বলেন, “দেশের একটি বড় দল এই জাতীয় নির্বাচনকে বানচাল করতে চেষ্টা করছে। কিন্তু পুলিশ প্রশাসন খুবই তৎপর রয়েছে। তারা সব ষড়যন্ত্র মোকাবেলা করতে সক্ষম হবে। এদেশের মানুষ যদি আবারও প্রধানমন্ত্রীকে ভোট দেয় তাহলে এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
“কোনো ষড়যন্ত্র করেই তারা এই নির্বাচনকে বানচাল করতে পারবে না বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি”, যোগ করেন মন্ত্রী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম জোয়াহের, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আইরিন আক্তার, বিভাগীয় বন কর্মকর্তা সাজ্জাদুজ্জামান, মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিন।
