Published : 18 Oct 2023, 06:01 PM
পদ্মা সেতু হয়ে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত প্রায় ৮২ কিলোমিটার রেলপথ এখন ট্রেন চলাচলের জন্য প্রস্তুত। শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে সেই পথেই ভাঙ্গা থেকে কমলাপুর রওয়ানা হয়েছে সম্পূর্ণ নতুন একটি ট্রেন।
একটি ইঞ্জিনসহ আট কোচের ট্রেনটি বুধবার বেলা ১১টা ৪০ মিনিটে ফরিদপুর থেকে ঢাকার কমলাপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। বিকালে সেটি কমলাপুরে পৌঁছানোর কথা।
ফরিদপুর রেলওয়ের স্টেশন মাস্টার মো. তাকদির হোসেন জানান, বুধবার ১১ টা ৩৯ মিনিটের দিকে রাজবাড়ী থেকে ফরিদপুর এসে পৌঁছায় ট্রেনটি। ফরিদপুরে ১ মিনিটের বিরতি শেষে ভাঙ্গা হয়ে ঢাকার কমলাপুর রেলস্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি।
ট্রেনটির চালক হিসেবে রয়েছেন আবুল কাশেম; আর পরিচালনার দায়িত্বে আছেন মো. সালাউল্লাহ।
স্টেশন মাস্টার তাকদির বলেন, এর আগে মঙ্গলবার রাতে পৌনে ১০টার সময় ঈশ্বরদী থেকে ট্রায়াল ট্রেনটি রাজবাড়ী এসে পৌঁছায়। সেখান থেকে বুধবার সকাল সাড়ে ১০টায় ফরিদপুরের উদ্দেশ্যে রওয়ানা হয় ট্রেনটি।
তিনি আরও বলেন, “এই ট্রেনে করেই বৃহস্পতিবার মাননীয় রেলমন্ত্রীসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অফিশিয়াল ট্রায়াল রানে ঢাকার কমলাপুর থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গায় আসবেন।”
ফরিদপুর স্টেশন মাস্টারের কার্যালয় সূত্রে জানা গেছে, আগামী ১০ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাঙ্গা পর্যন্ত এই রেলপথের উদ্বোধন করবেন।
তবে পদ্মা সেতু হয়ে ঢাকা থেকে যশোর পর্যন্ত রেল চলাচলের পুরো প্রকল্পে নির্মাণ হতে যাওয়া রেলপথের দৈর্ঘ্য ১৭২ কিলোমিটার। আগামী বছরের জুনের মধ্যে তার কাজ শেষ করার কথা জানিয়েছেন রেল কর্মকর্তারা।
[ প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]