কক্সবাজারে কভার্ডভ্যানের ধাক্কায় ২ মোটর সাইকেল আরোহীর মৃত্যু
কভার্ডভ্যানের সাথে ধাক্কা লেগে মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে যায়।
কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় সিমেন্টবাহী কভার্ডভ্যানের ধাক্কায় মোটর সাইকেল আরোহী দুই যুবকের প্রাণ গেছে।
সোমবার সকাল সাড়ে ৭টায় উপজেলার সদর ইউনিয়নের চাঁদের ঘোনা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে ঈদগাঁও থানার ওসি মো. গোলাম কবীর জানান।
নিহতরা হলেন- সদর ইউনিয়নের চাঁদের ঘোনা এলাকার আব্দুস সমদের ছেলে মো. আজিম (৩০) এবং একই এলাকার আবুল হোসেনের ছেলে দেলোয়ার হোসেন সাঈদী (২৮)। তারা নিকট আত্মীয়।
স্থানীয়দের বরাতে ওসি গোলাম কবীর বলেন, সকালে আজিম ও দেলোয়ার মোটর সাইকেলে করে ঈদগাঁও স্টেশনে যাচ্ছিলেন। পথে চট্টগ্রামমুখী একটি কভার্ডভ্যানের সাথে তাদের বাইকের ধাক্কা লাগে। এতে মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং দুই আরোহী ঘটনাস্থলেই মারা যায়।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইজনের মৃতদেহ উদ্ধার করে। ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে বলে জানান ওসি।
রামু হাইওয়ে ক্রসিং থানার ওসি মো. মেজবাহ উদ্দিন বলেন, নিহতদের লাশ তাদের বাড়িতে রয়েছে। স্বজনরা বিনা ময়নাতদন্তে লাশ দাফনের আবেদন জানিয়েছে।
