Published : 27 Jan 2026, 08:31 PM
সিরাজগঞ্জে একটি হত্যা মামলার রায়ে একই পরিবারের তিনজনসহ ১০ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ (১) আদালতের বিচারক লায়লা শারমিন এ রায় দেন বলে জানিয়েছেন আদালতের অতিরিক্ত পিপি শামসুজ্জোহা শাহানশাহ।
দণ্ডপ্রাপ্তরা হলেন, কামারখন্দ উপজেলার ময়নাকান্দি গ্রামের আবু সাঈদ, তার স্ত্রী আনোয়ারা বেগম, ছেলে মনির হোসেন, একই গ্রামের সাহেব উদ্দিন, সোহেল রানা, শাহজাহান মণ্ডল, শফিকুল ইসলাম, এরশাদ শেখ, রমজান আলী ও আবুল কালাম আজাদ।
রায় ঘোষণার সময় ছয় আসামি আদালতে উপস্থিত ছিলেন, বাকিরা পলাতক।
মামলার বরাত দিয়ে আইনজীবী শামসুজ্জোহা শাহানশাহ বলেন, ২০১১ সালে কামারখন্দের ময়নাকান্দি গ্রামের বদিউজ্জামান নিজ গ্রামের আলমের কাছ থেকে ৩ শতক জমি কেনেন। কিন্তু সে জমি প্রতিবেশি আবু সাঈদ বাড়ি করে দখল করে নেন। জমি ছেড়ে দেওয়ার জন্য বলা হলেও আসামিরা হত্যার হুমকি দেন।
পরে বদিউজ্জামান জমি দখলে নেওয়ার চেষ্টা করলে আসামিরা ক্ষিপ্ত হয়ে উঠে। এছাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচন নিয়েও তার সঙ্গে আসামিদের বিরোধ চলছিল।
এ অবস্থায় ২০১১ সালের ২৪ জুন সকালে বদিউজ্জামান জমির কাগজপত্র নিয়ে আইনজীবির কাছে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। কিন্তু তিনি আর বাড়ি ফিরেননি। পরিবারের লোকজন তার সন্ধান করেও খোজ পায়নি।
পরের দিন ২৫ জুন সকালে ময়নাকান্দি এলাকার একটি ক্ষেত থেকে বদিউজ্জামানের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহতের স্ত্রী রতনা বেগম ওরফে সুফিয়া বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে থানায় মামলা করেন।
তদন্ত শেষে ১০ জনের বিরুদ্ধে করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। দীর্ঘদিন ধরে চলা বিচারকাজ শেষে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মঙ্গলবার রায় ঘোষণা করেন বিচারক।
এতে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড ও অনাদায়ে আরো তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে বলেও জানান তিনি।