২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে তেল না পেয়ে পাম্পে হামলা-ভাঙচুর

নূরানী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে বলে চরজব্বার থানার ওসি লুৎফর রহমান জানান।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2026, 10:54 PM

Updated : 26 Aug 2026, 03:21 PM

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ সময় দুজনকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিকালে উপজেলার নূরানী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে বলে চরজব্বার থানার ওসি লুৎফর রহমান জানান।   

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, সকাল থেকে নূরানী ফিলিং স্টেশনে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের চালকরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল নিচ্ছিলেন। বিকাল ৫টার দিকে তেল শেষ হয়ে গেছে বলে জানায় কর্তৃপক্ষ। 

তখন কয়েকজন যুবক পাম্পে হামলা-ভাঙচুর শুরু করে। এ সময় পাম্পের কর্মীরা বাধা দিলে দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। 

এক পর্যায়ে পাম্প কর্মীরা দুই যুবককে আটক করে পুলিশে দেন। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি। 

নূরানী ফিলিং স্টেশনের ব্যবস্থাপক মো. ফারুক হোসেন বলেন, “সকাল ৯টা থেকে সুশৃঙ্খলভাবে তেল দিয়েছি। বিকাল ৫টার দিকে তেল শেষ হয়ে গেছে বলায় আমাদের ওপর অতর্কিত হামলা চালানো হয় এবং পাম্পের অফিস কক্ষ ভাঙচুর করা হয়।”

চরজব্বার থানার ওসি লুৎফর রহমান বলেন, “খবর পেয়ে পাম্পে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”