১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পিরোজপুরে জমির বিরোধে খুন: ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2025, 05:36 PM

Updated : 26 Aug 2026, 01:23 PM

পিরোজপুরের নাজিরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে হত্যার ঘটনার চার জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বুধবার দুপুরে পিরোজপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান এ আদেশ দেন বলে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ওয়াহিদ হাসান বাবু জানান।    

দণ্ডিতরা হলেন- পিরোজপুরের নাজিরপুর উপজেলার মধ্য হোগলাবুনিয়া গ্রামের হাতেম আলী শেখ (৬৬), তার দুই ছেলে মাজেদুল ইসলাম ডালিম (৪১) ও সেলিম শেখ (৪৬) ও মো. জাহাঙ্গীর শেখ (৫১)।

রায় ঘোষণার সময় তারা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

মামলা থেকে দুই জনকে অব্যাহতি দিয়েছেন আদালত। আর মামলা চলাকালীন সময়ে মারা গেছেন হাতেম আলী।

মামলার বিবরণে বলা হয়, ২০১৭ সালের ৭ ডিসেম্বর জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে নাজিরপুর উপজেলার মধ্য হোগলাবুনিয়া গ্রামের বাদশা শেখের ওপর হামলা করে প্রতিপক্ষের ১৪-১৫ জন লোক। হামলাকারীরা তাকে পিটিয়ে গুরুতর জখম করে। বাদশাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করতেও বাধা দেয় হামলাকারীরা।

পরে নাজিরপুর থানা পুলিশের সহায়তায় বাদশাকে স্বজনরা নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন মারা যান বাদশা।

এ ঘটনায় নিহত বাদশার স্ত্রী আকলিমা বেগম বাদী হয়ে ওই দিন ১৩ জনের নাম উল্লেখ এবং আরও ৩-৪ জনকে অজ্ঞত পরিচয় ব্যক্তিকে আসামি করে নাজিরপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত শেষে পুলিশ ২০১৮ সালে ছয় জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

আদালত মামলা থেকে হাতেম আলীর স্ত্রী সেফালি বেগম (৫৬) এবং জাহাঙ্গীরের স্ত্রী হাসি বেগমকে (৩৮) অব্যাহতি দেওয়া হয়েছে বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওয়াহিদ হাসান বাবু জানান।